নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে রীতিমতো বিধ্বস্ত করে জয় তুলে নিলো ভারত। তাসের ঘরের মতো ভেঙে পড়া শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় মাত্র ৬৫ রানে। জবাবে মাত্র আট দশমিক তিন ওভার খেলে হাতে আট উইকেট রেখে জয় তুলে নেয় ভারত।
শনিবার (১৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। তবে পাঁচবারের ফাইনালিস্ট দলটি ভারতীয়দের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি।
৯ রানে চার আর ৩২ রানের মধ্যে আট উইকেট হারিয়ে লড়াইয়ে ফেরার সম্ভাবনাও তৈরি করতে পারেনি চামারি আতাপাত্তুর দল।
লঙ্কান ব্যাটারদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ওসাদি রানাসিংহে (১৩) আর ইনোকা রানাভিরা (১৮)।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল রেনুকা সিং। মাত্র পাঁচ রানেই নেন তিন উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন রাজেশ্বরী গায়াকদ আর স্নেহ রানা।
ভারত ব্যাট করতে নেমে প্রথম দিকেই ওপেনার শেফালীকে (৫) হারায়। তবে এক পাশ থেকে রীতি মতো তাণ্ডব চালিয়ে যান আরেক ওপেনার স্মৃতি মান্দানা। মাত্র ২৫ বল খেলে এই ওপেনার তোলেন অপরাজিত ৫১ রান। এর মধ্যে তিনটি ছয় ও ছয়টি চারের মার রয়েছে, স্ট্রাইক রেট ২০৪।
শেষে অধিনায়ক হারমপ্রীতি কর (১৪) ও স্মৃতি অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
একাত্তর/এসি