ভারতীয় ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে শেষ হলো সৌরভ গাঙ্গুলীর যুগ। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রজার বিনি যুগ। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ও আসরের সর্বোচ্চ উইকেট শিকারী বর্তমানে বিসিসিআই- এর ৩৬তম সভাপতিতে পরিণত হয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের বাকি পদগুলোতে নতুন কোন চমক নেই। সচিবের পদে বহাল আছেন বিজেপি নেতা অমিত শাহ পুত্র জয় শাহ। সহ-সভাপতির পদে রয়েছেন রাজীব শুক্লা।
আর যুগ্ম সচিবের পদে রয়েছেন দেবজিৎ সাইকিয়া। বলাই বাহুল্য এই পদগুলোতে যে পরিবর্তন ঘটবে না তা আগে থেকেই জানা ছিলো।
শুধুমাত্র ট্রেজারারের পদ নতুন নাম আশিস সেলার। এতদিন এই দায়িত্বে থাকা অরুন ধুমল এবার আইপিএল- এর চেয়ারম্যান হতে চলেছেন।
ভারতীয় ক্রিকেটের মসনদে বসা রজার বিনি এখন ৬৭ বছর বয়সী। দেশের জার্সিতে তিনি ২৭টি টেস্ট খেলে ৪৭টি উইকেট নিয়েছেন।
১৯৮৩ বিশ্বকাপে তিনি আটটি ম্যাচ খেলে নিয়েছিলেন ১৮টি উইকেট। শুধু ভারতীয় দলের না, ওই বিশ্বকাপে সব দলের মধ্যেই সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি।
রজার বিনির পুরো নাম রজার মিচেল হামফ্রে বিনি। তিনি ভারতীয় জাতীয় দলের প্রথম অ্যাংলো ইন্ডিয়ান ক্রিকেটার।
১৯৫৫ সালের ১৯ জুলাই জন্ম নেয়া বিনি ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের হয়ে খেলেছেন। টেস্টের পাশাপাশি তিনি ৭২টি ওডিআই ম্যাচ খেলে ৭৭টি উইকেটও নিয়েছেন।
এরপর তিনি ২০০০ সালে যুবরাজ-কাইফ সমৃদ্ধ অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের কোচ হিসাবে জিতে আনেন বিশ্বকাপও। তারপরে বেশ কিছুদিন বাংলা রঞ্জি দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন।
একাত্তর/এআর