হাতের মুঠোর স্বপ্ন নিয়ে বাড়ি ফিরলো মেসিরা

৩৬ বছরের অপেক্ষার ইতিটেনে স্বপ্নের ট্রফি নিয়ে আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি-ডি মারিয়ার দল। দোহা থেকে রোম হয়ে স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে তিনটায় ইজিজা অ্যারো পার্কে অবতরণ করে মেসিদের বহনকারী বিমান। ততক্ষণে বুয়েন্স আয়ার্সে ছিল অপেক্ষমান মানুষের ঢল। দেশে দেশে এখন চলছে মেসিদের বন্দনা। আর পুরো বিশ্বের চোখ এখন আর্জেন্টিনায়।

রোববার ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলছে আর্জেন্টিনা। লিওনেল মেসি পেয়েছেন তার অধরা বিশ্বকাপ ট্রফি।


বিমান থেকে বের হওয়ার সময় ফুটবলে সদ্য ‘অমরত্ব’ পাওয়া লিওনেল মেসি ডান হাতে সোনার ট্রফি উঁচিয়ে ধরেন। এই আরাধ্য মুহূর্তের নাগাল পেয়ে উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টাইনরা।

মেসিদের স্বাগত জানাতে এবং বিশ্বকাপ ট্রফি এক ঝলক দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী। মেসি-ডি মারিয়াদের এমন সাফল্যে ফুটবল ভক্তদের ভিড় জমেছে দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে। জয় উদযাপন করতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। আর্জেন্টিনার রাজধানী দেখলে মনে হবে যেন মানুষের ঝড় শুরু হয়েছে।


সবশেষ ১৯৮৬ সালে মেক্সিকোর মাটিতে বিশ্বকাপের ট্রফি উচিয়ে ধরেছিলেন ম্যারাডোনা। এরপর ছিল কেবলই অপেক্ষার পালা। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে ফাইনালে উঠলেও জার্মানির কাছে শেষ মুহূর্তের গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসি, ডি মারিয়াদের।


একাত্তর/এসি