৯ বছর পর আবারও ঢাকার প্রেমে পড়লেন সৌরভ গাঙ্গুলী

৯ বছর পর পুনরায় ঢাকার প্রেমে পড়লেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত মেয়র'স কাপ সিজন-২ এর লোগো ও ট্রফি উন্মোচন করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই'র সাবেক সভাপতি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে লগো ও ট্রফি উন্মোচন করেন তিনি। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সাবেক ক্রিকেটার রকিবুল ইসলাম, খালেদ মাসুদ পাইলট ও ধারাভাষ্যকার আতাহার আলী খানসহ আরও অনেকে।

সৌরভ গাঙ্গুলীকে অভিনন্দন জানিয়ে মেয়র আতিক বলেন, আমি যখন আমাদের অনুষ্ঠানের বিষয়টি সৌরভ গাঙ্গুলী দাদাকে বলি, তখন তিনি বলেন আমি আসবো কিন্তু একটি টাকাও পারিশ্রমিক নিবো না। 

আরও পড়ুন: বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার: ওবায়দুল কাদের

অন্যদিকে সৌরভ গাঙ্গুলী বলেন, আমি বাংলাদেশে প্রথম আসি ১৯৮৯ সালে এশিয়া কাপ খেলতে। ঢাকায় এসে কখনও আপনাদের ভালোবাসায় কখনও বাংলাদেশ ও ভারতের মধ্যে পার্থক্য মনে হয় না। 

তিনি আরও বলেন, আমাদের পশ্চিমবঙ্গ ও কলকাতায়ও ফুটবল, ক্রিকেটে মেয়র'স অনুষ্ঠিত হয়ে থাকে। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নাই। বাংলাদেশে এসে উন্নয়ন দেখে আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে সব কিছুর সঙ্গে বাংলাদেশ নিজেকে এগিয়ে নিচ্ছে।


একাত্তর/আরবিএস