পিএসএল ম্যাচে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ফাফ ডু প্লেসিস

শনিবার যেন শনির দশায় পেয়েছিলো ক্রীড়াঙ্গণকে। কি ফুটবল, কি ক্রিকেট সবখান থেকেই এসেছে আতঙ্কের খবর। ইউরোতে ডেনিস মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসনের মাঠের মধ্যেই জ্ঞান হারানো খবর হজম হতে না হতেই ক্রিকেট থেকেও এলো খারাপ খবর।

আবুধাবির মাঠে পাকিস্তান প্রিমিয়ার লিগের একটি খেলায় মাথায় সাংঘাতিক চোট পান দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। 

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমির মধ্যে খেলা চলছিল। পেশোয়ার ব্যাট করার সময় সপ্তম ওভারে এই ঘটনা ঘটে।

সীমানার ধারে বল আটকাতে গিয়ে হাসনাইনের হাঁটু এসে লাগে ডু প্লেসির মাথায়। সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন ডু প্লেসি। সেই সময় ব্যাট করছিলেন ডেভিড মিলার। তিনি সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং নিজেও ছুটে যান ডু প্লেসির কী হয়েছে, দেখার জন্য। এরপর ডু প্লেসিকে আবু ধাবির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

কনকাশন পরিবর্ত হিসেবে ডু প্লেসির জায়গায় এরপর সায়েম আইয়ুবকে মাঠে নামানো হয় ৷ ডু প্লেসির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, এর আগে পিএসএলের আরেক ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ব্যাটিং করতে নেমে তিনি মাথায় চোট পান।




একাত্তর/এআর