ইউরো চ্যাম্পিয়নশিপে নিজের এগারতম গোল করে ফরাসি কিংবদন্তী মিশেল প্লাতিনির ৯ গোলের রেকর্ড ছাড়িয়ে গেলেন পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সাথে হাঙ্গেরির বিপক্ষে নিজের দলকে এনে দিলেন ৩-০ গোলের জয়।
ইউরোতে পর্তুগালের প্রথম ম্যাচ ছিল মঙ্গলবার (১৫জুন) হাঙ্গেরির বিপক্ষে। এ ম্যাচে রোনালদোর দুই গোলের পাশাপাশি আরেকটি গোল করেছেন রাফায়েল গুয়েরেইরো। তবে রেকর্ডের পর রেকর্ড তৈরি করে ম্যাচের মূল নায়ক নিঃসন্দেহে রোনালদো।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম থেকেই একে অপরের বিপক্ষে আক্রমণ করে যাচ্ছিল দুই দল। কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত গোল করতে ব্যর্থ হয় উভয়েই। খেলার ৮০ মিনিটের মাথায় হাঙ্গেরির খেলোয়াড় জাবোলসের একটি গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। এর পরপরই ৮৪তম মিনিটে পর্তুগালকে কাঙ্ক্ষিত গোল উপহার দেন গুয়েরেইরো।
খেলার যখন আর মাত্র ৩ মিনিট বাকি তখনই নিজের জাদু দেখান ক্রিস্টিয়ানো। ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করে পর্তুগালকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। আর এই গোলের মাধ্যমেই ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলের অধিকারী হয়ে প্লাতিনিকে ছাড়িয়ে যান তিনি। তবে অতিরিক্ত সময়ে রাফা সিলভার পাস থেকে আরও একটি গোল করে নিজের রেকর্ড আরেকটু উপরে নিয়ে যান এই 'গ্রেটেস্ট অফ অল টাইম'।
ইউরোতে এগারো গোলের পাশাপাশি সর্বোচ্চ পাঁচটি ইউরো ফাইনাল টুর্নামেন্টে গোল করার রেকর্ডও এখন রোনালদোর দখলে।
ইউরোতে পর্তুগালের পরবর্তী ম্যাচ শনিবার (১৯ জুন) আরেক জায়ান্ট জার্মানির বিপক্ষে।
একাত্তর/এসজে/ এনএ