কোহলি আর মুশফিককে আদর্শ মানেন নবাগত দিপু

নিজের আদর্শ ভারতের বিরাট কোহলি আর বাংলাদেশের মুশফিকুর রহিম। টাইগার টেস্টে দলে ডাক পাবার এমন কথাই জানিয়েছেন শাহাদাত হোসেন দিপু। বলেছেন, সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান ওদের মত। 

২১ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে টিম ম্যানেজম্যান্টের আশাটাও বড়। চট্টগ্রামের এই ক্রিকেটার জানিয়েছেন, মিরপুরে আফগানদের বিপক্ষে ছড়ি ঘুরাবে স্বাগতিক দলই।

একগাদা ক্যামেরার ল্যান্স। লাইট-অ্যাকশন...। তারপর সাংবাদিকদের একের পর এক প্রশ্ন। জাতীয় দলে নিজের প্রথম দিনেই মহাচাপে থাকার কথা শাহাদাত দিপুর। কিন্তু হলো তার উল্টো, জড়তাতো ছিলোই না, বরং কঠিন কঠিন সব প্রশ্নে দিপুর ঠান্ডা মাথার হুক-পুল। 

বিরাট কোহলি কিংবা মুশফিক যার আদর্শ তার আত্মবিশ্বাসটাও হবার কথা অন্যরকম। ক্যামেরার সামনে দিপুর জড়তা যেমন ছিলো না, তেমনি জাতীয় দলে প্রথম দিনের অনুশীলনেও ছিলেন নজরকাড়া। নেটে খেলেছেন দারুণ সব স্ট্রোক; দূর থেকে দেখছিলেন হেড কোচ হাথুরু। আফগানদের বিপক্ষে সিরিজ ঘিরে শুরু থেকেই যেনো শতভাগ প্রস্তুত দিপু। 

স্কুল ক্রিকেট থেকে অনুর্ধ্ব-১৯, অনুধ্ব-১৯ থেকে এইচপি, 'এ' দল হয়ে জাতীয় দলে শাহাদাত হোসেন দিপু। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ দলের সিরিজে দুই ফিফটিতে নজর কেড়েছেন নির্বাচকদের। প্রথম শ্রেনীর ক্রিকেটের ছোট্ট ক্যারিয়ারে দিপুর পরিসংখ্যান দারুণ। 

২০ ম্যাচে রান ১২৬৫, ১০ ফিফটি আর দুই হাফসেঞ্চুরি। লাল বলে ৪ কিংবা ৫ নম্বর পজিশনে খেললেও সাদা বলে সবশেষ প্রিমিয়ারে নেমেছিলেন ওপিনংয়ে। সেখানে ১৩ ম্যাচে ৪৮০ রান করেছেন ৩৭ গড়ে। 

জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক কদিন আগেই স্ট্যাটাসে দিপুকে নিয়ে লিখেছিলেন, ও আগামীর ভবিষ্যত। সঙ্গে এও জানিয়েছিলেন ও নাকি হবে লম্বা রেসের ঘোড়া। 

রাজ্জাক নিজেও হয়তো ভাবেননি এত দ্রুত দিপুকে দেখা যাবে জাতীয় দলে। নির্বাচকরা আস্হা রেখেছেন এখন প্রতিদানটা তাকেই দিতে হবে। 


একাত্তর/এআর