টেস্ট ক্রিকেটে ফিরেই শাস্তি পেলেন মঈন

প্রায় দুই বছর আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি। সম্প্রতি টিম ম্যানেজমেন্টের অনুরোধে আবারও টেস্ট খেলতে মাঠে নামেন এ অলরাউন্ডার। আর টেস্টে ফিরেই শাস্তির মুখোমুখি হতে হলো তাকে। 

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হচ্ছে মঈনকে।

বার্মিংহামের এডজবাস্টনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮৯তম ওভারে বোলিং করার আগে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বোলিং হাতের আঙুলে ড্রাইং এজেন্ট স্প্রে করেন মঈন। তার এমন কাণ্ড টিভিতে লক্ষ্য করেছেন থার্ড আম্পায়ার। অ্যাশেজ শুরুর আগেই বলা হয়েছিল, আম্পায়ারদের অনুমতি ছাড়া বোলিং করার হাতে কোনো কিছু ব্যবহার করা যাবে না। কিন্তু আম্পায়ারদের প্রাথমিক নিদের্শনা অমান্য করে শাস্তির মুখে পড়লেন মঈন।

আরও পড়ুন: আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন আফিফ

আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী লেভেল ওয়ান ভঙ্গ করেছেন মঈন। আর্থিক জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও (নেগেটিভ পয়েন্ট) দেয়া হয়েছে তাকে। গত ২৪ মাসের মধ্যে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি।

মঈনের শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট। মঈন শাস্তি মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।


একাত্তর/আরবিএস