তামিমের অবসর ঘোষণা মানতে পারেননি মাশরাফী

মাশরাফী বিন মোর্ত্তজা এমনই। যখন দলের অধিনায়ক ছিলেন তিনি ছিলেন ফাদার ফিগার। বটবৃক্ষের ছায়ায় আগলে রাখতেন টিম মেইটদের। 

যে কয়জন ক্রিকেটারের সঙ্গে মাশরাফীর সম্পর্কটা বড় ভাই আর বন্ধুর মতো তাদেরই একজন তামিম ইকবাল। তামিমকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে বড় ভূমিকা রেখেছেন মাশরাফীই।

ওরা পড়ে নিতে পারে একে অপরের চোখের ভাষা। খারাপ সময়ে তিনিই রাখতেন আস্থার ওই হাতটা। বহুদিন আগের সম্পর্কটা। কখনও মাশরাফী প্রিয় মুখে তাকিয়ে খুঁজেছেন মুগ্ধতা।

তিলে তিলে গড়ে তোলা লাল-সবুজের সংসারটা ছিল হাসিতে ভরা। তামিমের কাঁধে চেপেই নেতা মাশরাফী বলেছিলেন বিদায়। লাল-সবুজের পতাকা সমুন্নত রাখে তামিমের কাপ্তানির অধ্যায়।

অভিমান আর না বলা কিছু অভিযোগ নিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে কাপ্তানের গুডবাই বলে দেয়া। বড় ভাই মাশরাফী একেবারেই মেনে নিতে পারছিলেন না ব্যাপারটা।

তার জানতে চাওয়া বাইরের কোনো চাপ বাধ্য করেছিল কি না? তামিমের অবসরের সিদ্ধান্ত বদলে মাশরাফীই রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

কিছু ছবি বলে কথা। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে গণভবন থেকে তিন জনের ফেরা। বিসিবি সভাপতি যেন রাগী। তামিম অভিমানী। আর বুঝদার বড় ভাই মাশরাফী। 

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গললো বরফ। বাংলার ক্রিকেটে শান্তির পরশ। বাংলার ক্রিকেটে যেন সুখের দিন। তামিমের ঘোষণাতে মাশরাফীর হৃদয় রঙিন। আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়। 


একাত্তর/এসি