নয়া মৌসুমে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রোববার অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে লা লিগায় কাদিজকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা।
দলের হয়ে একটি করে গোল করেছে পেদ্রি ও ফেরান তোরেস।
৩-৪-৩ ফরমেশনে খেলতে নেমে ম্যাচে একতরফা আধিপত্য দেখিয়ে খেলতে থাকে বার্সা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় তারা। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জাভির দল। তবে গোল পেতে কাতালানদের অপেক্ষা করতে হয় ৮২ মিনিট। কাদিজের রক্ষণকে ফাঁকি দিয়ে ইলকায় গুন্দোয়ানের পাস থেকে গোল করেন পেদ্রি। যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস।
গত ম্যাচে লাল কার্ড পাওয়ায় এ ম্যাচের ডাগ আউটে ছিলেন না কোচ জাভি। তাছাড়া ছিলেন না উইঙ্গার রাফিনিয়া। তিনিও গত ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন। চোটের কারণে দলের বাইরে ছিলেন রোনালদ আরাউহো।
একাত্তর/পিএজে