সৌদি নিয়ে মুখোমুখি রোনালদো-হেন্ডারসন

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পাল্টা চাল দিলেন ক্যাপ্টেন্স অব দি ক্যাপ্টেন খ্যাত জর্ডান হেন্ডারসন। সৌদির মাল্টি মিলিয়নের মোহ কাটিয়ে ইউরোপে ফিরেই বললেন, সৌদি আরব যাওয়ার সিদ্ধান্তটা বড্ড বেশি ভুল ছিলো।

গেলো বছর সৌদি পাড়ি দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই স্রোতে গা ভাসায় সাদিও মানে, কারিম বেনজেমা, জর্ডান হেন্ডারসনরা।

সবাই টিকে গেলেও গেলো ছয় মাসেও সৌদির পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেননি লিভারপুলের সাবেক অধিনায়ক জর্ডান হেন্ডারসন। একই সাথে তার দল ইত্তেফাকের পারফর্ম্যান্সও হতাশ করেছে তাকে। 

এমন পরিস্থিতিতে সৌদি আরব থেকে ফিরে আড়াই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সে। আর ইউরোপে ফিরেই ক্ষমা চাইলেন ভক্ত সমর্থকদের কাছে যারা হেন্ডারসন সৌদি যাওয়ায় কষ্ট পেয়েছিলেন।

এর আগে দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পর্তুগিজ সুপারস্টার রোনালদো বলেন, সৌদি প্রো লিগ ফ্রেঞ্চ লিগের চেয়ে ভালো। কয়েক বছরের মধ্যে বিশ্বের টপ থ্রিতে জায়গা করে নিবে সৌদি আরবের ফুটবল লিগ।  

সংশ্লিষ্টরা বলেছেন, সৌদি আরবের ফুটবল নিয়ে জর্ডান হেন্ডারসনের এমন মন্তব্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এখন জল কোনদিকে গড়ায় সেটাই দেখার বিষয়।