বার্সেলোনার ফুটবল তারকা লিওনেল মেসি শিগগিরই বার্সা ছেড়ে যাচ্ছেন না। আগে যে বেতন পেতেন তার অর্ধেক বেতনেই আগামী পাঁচ বছর ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে।
তবে, নতুন চুক্তি অনুযায়ী দুই বছর পর চাইলে ক্লাব ছেড়ে যেতে পারবেন তিনি।
এ বিষয়ে কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেবে বার্সেলোনা। আপাতত কোপা আমেরিকা জয়ের পর ছুটিতে আছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
বেশ কিছুদিন ধরেই আর্থিক সংকটে ভুগছে বার্সা। গুঞ্জন শোনা গেছে, প্রায় এক দশমিক ২ বিলিয়ন ডলার দেনায় জর্জরিত ক্লাবটি।
বার্সেলোনার এই আর্থিক সংকটের সময়ে মেসিকে ক্লাবে রেখে দেওয়াই ছিল নতুন চেয়ারম্যান জোন লাপোর্তার মূল লক্ষ্য। গত পাঁচ বছরে বার্সেলোনার হয়ে প্রায় সাড়ে পাঁচশ' মিলিয়ন ইউরো আয় করেছেন বার্সেলোনার এই সর্বোচ্চ গোলদাতা।
আরও পড়ুন: বাংলাদেশি সমর্থকদের প্রশংসা করলেন সাবেক আর্জেন্টাইন অধিনায়ক
গত ৩০ জুন বার্সেলোনার সাথে চুক্তি শেষ হওয়ার পর মেসির স্বাধীনতা ছিল যেকোনো ক্লাবের হয়ে খেলার। প্যারিস সেইন্ট জার্মেইন ও ম্যাচেস্টার সিটি থেকে প্রস্তাবও পেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মেসি।
লিওনেল মেসি বার্সেলোনার সবচেয়ে সফল খেলোয়াড়। ষোল বছর বয়সে বার্সেলোনা মূল দলের হয়ে খেলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৬৭২ গোল করে বার্সাকে জিতিয়েছেন দশটি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ এবং সাতটি কোপা দেল রে শিরোপা। এ সময়ে নিজে জিতেছেন ছয়টি ব্যালো দ্য অর।
একাত্তর/এসজে