সময়সূচি মেনেই ঢাকায় আসছে অস্ট্রেলিয়া

অনিশ্চিতয়তা কেটে গেছে, বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সময়মতই মাঠে গড়াচ্ছে। জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। অজিদের কাবু করতে স্বাগতিকরা উইকেটে গোলক ধাঁধা রাখবে। এদিকে, নয়া ব্যাটিং কোচের কাজে খুশি হয়ে লম্বা সময়ের জন্য অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগের কথা ভাবছে বিসিবি। 

তাসমান পাড় থেকে অজিরা ক্যারিবিয়ান দ্বীপে এসে যেন কুলহারা পথিক বনে গেছে। চার একে টি-টোয়েন্টি সিরিজ খুইয়ে দিশেহারা। এরপর ওয়ানডে সিরিজের শুরুতেই আবার করোনার ধাক্কা। একটা ম্যাচ পিছিয়েও গেছে। যদিও মিচেল স্টার্ক, অ্যালেক্স ক্যারিদের বাংলাদেশে পা রাখা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।

কিন্তু অন্ধকার কেটে গেছে। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, পাঁচ ম্যাচের সিরিজটা যথাসময়েই শুরু হচ্ছে। তিন বছর আগে মিরপুরে টেস্ট হারের ক্ষত এখনো তাজা অজিদের। এবারও সেই মিরপুরেই সব খেলা। স্মিথ, ওয়ার্নার, ফিঞ্চরা নেই।


তাই সুযোগটা নিতে উইকেটে ফাঁদ আটতে চাইছে বিসিবি। অজিদের জন্য অপেক্ষা মিরপুরের টিপিক্যাল স্লো এন্ড লো উইকেট। টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির কমপক্ষে ১২টা ম্যাচ হবে হোমে। কিন্তু বাছাই পর্ব খেলতে হবে ওমানে।

অজানা কন্ডিশনের সঙ্গে মানাতে সেরা প্রস্তুতির জন্যে আগেভাগে মাসকটে উড়ে যাওয়ার পরিকল্পনাও নেয়া হয়েছে বলে জানিয়েছেন আকরাম খান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচিং প্যানেল নিয়ে স্বস্তি, নয়া স্পিন গুরু হেরাথে দারুণ খুশি বিসিবি। তার ব্যাটিং কোচ প্রিন্সকেও নিয়োগ দেয়া হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তবে তার দায়িত্ব নাকি আরও লম্বা হতে পারে। এনিয়ে সিদ্ধান্ত আসছে শিগগিরই। 

একাত্তর/ এনএ