ক্রিকেটে আবারও ফিরলো ‘হ্যান্ডশেক’ বা করমর্দন বিতর্ক। চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বের দুই নম্বর গ্রুপের ম্যাচে টসের সময় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের অধিনায়ক প্রথাগত করমর্দন এড়িয়ে গেছেন। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে এবং পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ হাত না মিলিয়েই টসের আনুষ্ঠানিকতা শেষ করেন।
২০২৫ সালের এশিয়া কাপে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মাঝে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি দলপতির সঙ্গে করমর্দন করতে অস্বীকার করার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচে এটি নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে এশিয়া কাপ রাইজিং স্টারের ম্যাচেও ভারত ‘এ’ দল পাকিস্তান শাহিনসের সাথে হাত মেলায়নি। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের লড়াইয়েও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান টসে জিতে ভারতের বিপক্ষে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। সুপার সিক্সের শেষ ম্যাচ হওয়ায় সেমিফাইনালের টিকিট পেতে দুই এশিয়ান পরাশক্তির জন্যই এটি এক ‘অগ্নিপরীক্ষা’ বা বাঁচা-মরার লড়াই। ইতিমধ্যেই সুপার সিক্সের এক নম্বর গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে, আর দুই নম্বর গ্রুপ থেকে নাম লিখিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের পর এই গ্রুপ থেকে শেষ চারের মাত্র একটি স্থানই এখন ফাঁকা রয়েছে।
বর্তমানে পয়েন্ট তালিকায় তিন ম্যাচের সব কটিতে জিতে নেট রান ৩.৩৩ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। অন্যদিকে, তিন ম্যাচে দুই জয় ও ১.৪৮ নেট রান রেট নিয়ে পাকিস্তান আছে তৃতীয় স্থানে। ভারতকে হারালে পাকিস্তানের পয়েন্টও ভারতের সমান হবে, তবে সেমিফাইনালে যেতে হলে তাদের বিশাল ব্যবধানে জিতে ভারতের দুর্দান্ত নেট রান রেটকে টপকাতে হবে। অন্যদিকে, আয়ুশ মাত্রের নেতৃত্বাধীন ভারতের জন্য শুধু জয়টুকুই যথেষ্ট। উল্লেখ্য, আসরে ভারত এখন পর্যন্ত অপরাজিত রয়েছে।