ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ। শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় ভারতকে।

এর আগে ২০২৪ সালে প্রথমবার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। 

এবারের আসরের ফাইনালের শুরু থেকেই সাবধানে খেলতে থাকে বাংলাদেশ ও ভারত। বল দখলের পাশাপাশি মাঝমাঠ নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করে দু’দলই। গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ ও ভারত। ফলে এই অর্ধে গোল না হওয়ায়, নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হয়। ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। 

টাইব্রেকারে বাংলাদেশের হয়ে মুরশেদ আলি, চন্দন রয়, আব্দুল ফাহিম ও রোনান সুলেভান গোল করেন। গোল করতে ব্যর্থ হন স্যামুয়েল রাকসাম। ভারতের হয়ে দু’জন গোল করতে ব্যর্থ হলে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে শিরোপা জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। 

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। তবে ভারতের সাথে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। 

এরপর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।