বিশ্বকাপ আয়োজনে লুকোচুরি চালিয়েই যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের কথা শোনা গেলেও বিশ্বকাপ শুরুর কালে সবকিছু বেমালুম গায়েব। এবারে গণমাধ্যম বলছে, ভারত-পাকিস্তানের ম্যাচের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে থাকছে বিশেষ আয়োজন। তবে গণমাধ্যমে সেই খবর এলেও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই বিসিসিআইয়ের পক্ষ থেকে।
ক্রিকেট নিয়ে বাণিজ্য ভারতীয়দের চেয়ে আর কে ভালো বোঝে? সেই দেশটা প্রথমবারের মতো এককভাবে আয়োজন করলো ওয়ানডে বিশ্বকাপ; আর সেখানে থাকলো না বলিউড গ্ল্যামারে মোড়ানো কোনো উদ্বোধনী আয়োজন।ভারতীয় গণমাধ্যমের খবর, হওয়ার কথা ছিল তেমন কিছুই।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চার অক্টোবর আতশবাজি আর লেজার শোর আয়োজন হওয়া কথা তো ছিলোই, সঙ্গে বলিউড তারকাদের পারফরমেন্সও ছিল তালিকাতে। কে কে পারফর্ম তার ড্রাফট প্ল্যানও এসেছিলো গণমাধ্যমে। কিন্তু আলো ঝলমলে সব কিছু যেন নিমেষেই গায়েব।
জানা গেলো, সময় মতো পাঁচ অক্টোবর ঠিকই শুরু মাঠের লড়াই। কিন্তু থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। এর পেছনে নানা কারণের গুঞ্জন। চরমপন্থি কোনো সংগঠনের হুমকি থেকে সময়ে সঙ্কট, শোনা গেছে এমন নানা অজুহাত। ম্যাচ-ডেতেই আয়োজনটা করতে চেয়েছিল বোর্ড, তবে দিনের আলোয় আতশবাজি বা লেজার শো সম্ভব নয় বলেই সব বাতিল, এমন খোড়া যুক্তিও শোনা গেছে।
তবে সব গুঞ্জন থেমেছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে। বিসিসিআইয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে তারা জানায়, তাদের এমন কোনো উদ্বোধনী আনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা কখনোই ছিল না।
কিন্তু এবারে বাজারে নতুন খবর, উদ্বোধনী অনুষ্ঠানের কোনো আয়োজন না থাকলেও ভারত-পাকিস্তান ম্যাচের দিন কিছু একটা করার পরিকল্পনা করছে দেশটার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
খবরে বলা হচ্ছে, শনিবারের ওই ম্যাচডেতে বড় কোনো আয়োজন আহমেদাবাদে না থাকলেও অরিজিৎ সিং গান গাইবেন। আমন্ত্রণ জানানো হয়েছে শচীন টেন্ডুলকার, অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে। থাকছে আতশবাজি ও লেজার শো, যেমনটা হওয়ার কথা শোনা গিয়েছিল উদ্বোধনি অনুষ্ঠানের গুঞ্জনে।
কিন্তু বিসিসিআই তেমন কোনো তথ্য অনুষ্ঠানিকভাবে জানায়নি। ভারতীয় গণমাধ্যমের ব্যাখ্যা এমন, তারা সেইফসাইডে থেকেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, যাতে শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করে দিলেও কোনো কথা না ওঠে। কিন্তু বেহাল মাঠ, উদ্বোধনী অনুষ্ঠানহীন বিশ্বকাপ, টিকেট আর শিডিউল জটিলতা এসব নিয়ে এরই মধ্যে যে পরিমান কথা উঠেছে, বিসিসিআইয়ের তো নতুন কোনো সমালোচনা গায়ে লাগার কথা না।