চলতি ক্রিকেট বিশ্বকাপে ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার ভরাডুবিতে দেশটির ক্রিকেট বোর্ডের সবাইকে বরখাস্ত করেছেন ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে।
দেশটির ক্রীড়ামন্ত্রীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, বর্তমানে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে।
বিবৃতিতে বলা হয়, ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী কমিটি গঠন করেছেন। সাত সদস্যের কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক ও একজন সাবেক বোর্ড প্রেসিডেন্ট।
এর আগে ভারতের কাছে লজ্জাজনক হারের পর রানাসিংহে জনসম্মুখে পুরো বোর্ডের পদত্যাগ দাবি বলেছিলেন, শ্রীলঙ্কার বোর্ড কর্মকর্তাদের আর দায়িত্ব থাকার মতো নৈতিক অধিকার নেই। তাদের এখন স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। তার আগে তিনি বোর্ড কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছিলেন।