অবিশ্বাস্য! অতিমানবীয়! দানবীয়! যে বিশেষণেই ডাকুন না কেন, মঙ্গলবার রাতে ওজি ব্যাটার ম্যাক্সওয়েলের করা অপরাজিত ২০১ রানের ইনিংসকে যেন ঠিক মতো বর্ণনা করা যায় না। দলের সাত উইকেট পরে যাবার পর কারও পক্ষে এমন ম্যাচ জয়ী ইনিংস খেলা যে সম্ভব, সেটিউ যেন করে দেখালেন ম্যাক্সওয়েল।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত করার পথে ম্যাক্সওয়েলের যে অবিশ্বাস্য ইনিংস খেলেছেন, তাতে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের অনেক রেকর্ডই নতুন করে লিখতে হয়েছে। তিনি ডাবল সেঞ্চুরির পথে যতই এগিয়ে যাচ্ছিলেন, ততোই একে একে ভেঙ্গে পড়ছিলো রেকর্ড।
ম্যাক্সওয়েলের অপরাজিত ২০১ রান এসেছে ১২৮ বলে, ২১টি চার ও ১০টি ছক্কার সাহায্যে। তার স্ট্রাইকরেট ছিলো ১৫৭ এর বেশি। এই প্রক্রিয়ার মধ্যে, তিনি তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে বেশ কয়েকটি নতুন মাইলফলক অর্জন করে নতুন ইতিহাস তৈরি করেছিলেন।
সেগুলো হলো-
- এটি অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে ডাবল সেঞ্চুরি এবং ৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ১১তম ঘটনা। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে শেন ওয়াটসনের অপরাজিক ১৮৫ রানকে ছাড়িয়ে যান ম্যাক্সওয়েল।
- এটি ওয়ানডেতে রান তাড়া করার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরও। এক্ষেত্রে ম্যাক্সওয়েল পাকিস্তানে ব্যাটার ফখর জামানকে টপকে যান, যিনি ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯৩ রান রান করেছিলেন।
- ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিটি ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের নন-ওপেনার ব্যাটার হিসাবে চার্লস কভেন্ট্রির করা ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৪ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
- ম্যাক্সওয়েলের হার না মানা ২০১ রান ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ডাবল সেঞ্চুরির তৃতীয় উদাহরণ, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫) এবং মার্টিন গাপটিল (২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে ২৩৭) অন্য দুই উদাহরণ।
- ম্যাক্সওয়েল এবং অধিনায়ক প্যাট কামিন্সের (১২*) মধ্যে ২০২ রানের পার্টনারশিপ ওয়ানডের সপ্তম উইকেট বা তার নিচের সর্বোচ্চ রানের জুটি। এটি সপ্তম উইকেটে ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের জস বাটলার এবং আদিল রশিদের মধ্যে ১৭৭ রানের জুটি অতিক্রম করেছে।
- ম্যাক্সওয়েল ১২৮ বলে তার ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন, এটি ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরি। গত বছর বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে সর্বকালের দ্রুততম ডাবল সেঞ্চুরি করেছেন ভারতের ইশান কিশান।