সাকিবকে পাথর মারার হুমকি দিলেন ম্যাথিউসের ভাই

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া নয় বরং লঙ্কায় সাকিবকে দেখা গেলে নাকি পাথর ছুড়ে মারবেন ম্যাথিউসের ভাই। শুধু তাই নয় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ, এমনকি এলপিএলেও সাকিবকে চায় না তারা। ভারতীয় এক গণমাধ্যমে এমনই হুমকি দিয়েছেন ট্রেভিন ম্যাথিউস। আর ট্রেভিনের এই পরিকল্পনায় নাকি যোগ দেবেন লঙ্কান সমর্থকরাও।

সাকিব-ম্যাথিউস ইস্যুকে ব্লার করে দিতেই কিনা ম্যাড ম্যাক্স হাজির হলেন ওমন রূপে। গোটা দুনিয়াকে দেখিয়ে দিলেন চাইলে এক পায়েও যুদ্ধে জেতা যায়।

ম্যাক্সওয়েলের মতোই সাকিবও সেদিন ছিলেন যুদ্ধের ময়দানে। দলকে জেতাতে মরিয়া ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সুযোগ পেতেই দিয়ে দেন মোক্ষম চাল। এতেই যেনো ক্রিকেটিয় স্পিরিটের হয়ে গেলো সৎকার। হলেই বা কি কে না জানে ‘All is fair in love and war...’

দুই মিনিটের মূল্য কত দেখলো সবাই তবে সেই ঘটনার দু’দিন কেটে গেলেও কাটেনি তার রেশ। কে ঠিক কে ভুল, কোথায় হারালো স্পিরিট... এসব ছাপিয়ে এবারে আলোচনায় অ্যাঞ্জেলো ম্যাথিউসের পরিবার। সাকিবের পেশাদারিত্ব নিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথুউস। সাকিবের এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলকে ট্রেভিন বলেন: ‘আমরা খুবই হতাশ। বাংলাদেশের অধিনায়কের কোনো স্পোর্টসম্যানশিপ মনোভাব নেই এবং ভদ্রলোকের খেলায় তিনি কোনো মানবতা দেখাননি। আমরা কখনোই তার কাছ থেকে বা দলের বাকি সদস্যদের কাছে এমনটা আশা করিনি।’

ক্রিকেটারের ভাই কিংবা একজন ক্রিকেটার হিসেবে এমনটা হয়তো বলতেই পারেন ট্রেভিন। তবে এরপর চ্রেভিন যা বললেন তা রীতিমত ভয়াবহ। তিনি সাকিবকে হুমকি দিতেও ছাড়েননি।

‘শ্রীলঙ্কায় সাকিবের কোনো জায়গা নেই। সে যদি এখানে আন্তর্জাতিক কিংবা এলপিএলও খেলতে আসে, তবে তাকে পাথর মারা হবে। অথবা তাকে দর্শকদের বিরূপ মনোভাবের শিকার হতে হবে’

তারমানে লঙ্কান সমর্থকদেরও উস্কে দিয়েছেন ম্যাথিউসের ভাই। এমনটা যদি সত্যিই ঘটে তবে ভবিষ্যতে সাকিবের শ্রীলঙ্কা ভ্রমণে নিরাপত্তা ইস্যুতে বিসিবিকে দেখাতে হবে জিরো টলারেন্স। নিয়মনীতির ব্যবহারের দায় কেনো একা নিতে হবে সাকিবকে?