শ্রীলঙ্কার বিপক্ষে চলা সিরিজে ছুটি শেষে দলে ফিরেছেন সাকিব আল হাসান। তাকে জায়গা করে দিতে ছেঁটে ফেলা হয়েছে টেস্ট অভিষেকের অপেক্ষায় বসে থাকা তৌহিদ হৃদয়কে। চট্টগ্রাম টেস্টে ফেরানো হয়েছে পেসার হাসান মাহমুদকেও।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করলে এ তথ্য জানা যায়।
তাছাড়া সিলেট টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার মুশফিক হাসান। তিনি গত টেস্টে না খেললেও চট্টগ্রাম টেস্টের আগে চোটে পড়েছেন। গোড়ালির চোটের কারণে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন এই পেসার।
আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ৩২৮ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।