ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের জুনে। নতুন করে তিনি আর আবেদন করছেন না। তাই নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি এরই মধ্যে প্রকাশ করেছে বিসিসিআই।
সেখানে বলা হয়েছে, নতুন কোচের সাথে তাদের চুক্তির মেয়াদ শুরু হবে এ বছরের জুলাই থেকে এবং সেটা হবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিরাট কোহলিদের দায়িত্বে থাকবেন তিনি।
গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে গিয়ে হেরে যাওয়ার পর রাহুল দ্রাবিড়ের চুক্তি এ বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়। তার ওপর প্রত্যাশা অনেক থাকলেও আইসিসি ইভেন্টে সাফল্য এনে দিতে না পারায় দ্রাবিড়ের ব্যাপারে আগ্রহ হারিয়েছে ভারত, এমনটাই বলছে দেশটির গণমাধ্যমগুলো।
বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এ নিয়ে বলেন, আমরা আগামী কয়েকদিন আগ্রহী প্রার্থীদের ডাকব। রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে এসেছে। তিনি যদি আবারও আবেদন করতে চান, তাহলে করতে পারেন। তবে আমরা দীর্ঘমেয়াদি কোচ চাচ্ছি, যে অন্তত তিন বছর আমাদের সঙ্গে থাকতে পারবে।
তিনি যোগ করেন, নতুন কোচ ভারতীয় হবেন না বিদেশি, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। এটা ঠিক করবে উপদেষ্টা কমিটি। আমরা এই ভাবেই কাজ করি।
শেষবার ভারতের বিদেশি কোচ ছিলেন ডানকান ফ্লেচার। তারপর থেকে রবি শাস্ত্রী, দ্রাবিড়রা দল সামলাচ্ছেন। এখন দেখার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কারা রোহিত শর্মা, বিরাট কোহলিদের কোচের পদে আবেদন করেন।