কানপুরে সূর্যের উঁকি, আড়াই দিন পর বল গড়ালো

মেঘ সরে গিয়ে কানপুরে উঁকি দিয়েছে রৌদ্রজ্জ্বল সূর্য। আর তাতে সোমবার নির্ধারিত সময়ে শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। খেলার প্রথম দুই সেশনে ১৫ মিনিট করে বাড়ানো হয়েছে। লাঞ্চের আগে ও পরে ১০ মিনিট করে বেশি খেলা হবে দুই সেশনে।

এর আগে টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। বৃষ্টির কারণে অনেকটা আগেই শেষ হয় প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিনের খেলার পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিন বৃষ্টি না হলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা চালু করা সম্ভব হয়নি।

প্রথম দিন শেষে উইকেটে ছিলেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক (৪০) এবং মুশফিকুর রহিম (৬)।

তবে চতুর্থ দিনের শুরুতেই খোয়া গেছে মুশফিকের উইকেট। যাশপ্রীতি বুমরাহের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন মুশি। আগের দিনের চেয়ে যোগ করেছে মাত্র ছয় রান।

এখন লিটনকে নিয়ে ব্যাট করছেন মুমিনুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ চার উইকেট হারিয়ে ১৩২। মুমিনুল হক ৪৭ ও লিটন ১২ রানে ব্যাট করছেন।