টি-টোয়েন্টিতে রান তোলা ভারতের কাছে যেন হাতের মোয়া। ব্যাট করতে নামলেই ২০০’র নিচে তাদের চলেই না। জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে ২০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে ভারত। ১৩৫ রানে প্রোটিয়াদের হারিয়ে ৩-১ ব্যবধানে জিতে নেয় সিরিজ।
জোহানেসবার্গে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাউথ আফ্রিকার ওপর ঝড় বইয়ে দেন ভারতীয় ওপেনার সাঞ্জু স্যামসন-অভিষেক শর্মা। ৭৩ রানে ভাঙে তাদের উদ্বোধনী জুটি।
এরপর শুরু হয় তিলক ভার্মা -স্যামসন ঝড়। প্রোটিয়া বোলাদের পিটিয়ে ছাতু করেন এই দুই লেফটি। ৫১ বলে সেঞ্চুরি তুলে নেন স্যামসন।
অন্যদিকে তিলক সেঞ্চুরির দেখা পান মাত্র ৪১ বলে। মাত্র ৮৬ বলে রেকর্ড ২১০ রানের জুটি গড়েন দুজন। নির্ধারিত ওভারশেষে ভারতের বোর্ডে ১ উইকেটে ২৮৩।
জবাবে ১০ রানেই চার উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। পঞ্চম উইকেটে ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার ৮৬ রানের জুটি গড়েও হার এড়াতে পারেনি। ১৪৮ রানে গুটি যায় তারা। চার ম্যাচের সিরিজ ৩–১ ব্যবধানে নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া।