কলম্বো টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ব্যাটিংয়ের পর ধারণা করা হচ্ছিলো- এই টেস্টে হার অবধারিত, তবে ইনিংস হার এড়াতে পারবে কি? তৃতীয় দিনে এসে ওই শঙ্কা আরও চেপে ধরে। আর চতুর্থ দিনের এসে সাতসকালেই হাতে ফলাফল।
এদিন চার উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশে টিকতে পেরেছে মাত্র ৩৩ বল। এতে দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ব্যবধানে (৭৮ রান) হারলো বাংলাদেশ। গলে ড্র’র পর কলম্বোতে ম্যাচ জিতে সিরিজ জিতলো স্বাগতিক শ্রীলঙ্কা।
২১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম সাত ব্যাটসম্যান মোটামুটি শুরুর পরও ক্রিজে থিতু হতে পারেননি। ৫৩ বলে সর্বোচ্চ ২৬ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। লঙ্কান স্পিনাররা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মোট ৯ উইকেট নেন।
প্রথম ইনিংসেও এনামুলক হক বাদে বাংলাদেশের সব ব্যাটসম্যানই ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু কেউ বড় ইনিংস খেলতে পারেননি। দুই ইনিংসের একটিতেও বাংলাদেশের কারও ফিফটি নেই।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে পাঁচ উইকেট নেন বাঁহাতি স্পিনার প্রবাত জয়াসুরিয়া। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাতুম নিশাঙ্কার ১৫৮ রানের ইনিংস এই টেস্টে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। তাতে অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতারও অবদান কম না!
টেস্ট সিরিজ শেষে এখন ওয়ানডে সিরিজের অপেক্ষা। তিন ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচ হবে আগামী বুধবার কলম্বোয়।
সংক্ষিপ্ত স্কোর:
- বাংলাদেশ: ২৪৭ ও ১৩৩ ( মুশফিক ২৬, এনামুল ১৯, নাজমুল ১৯, মুমিনুল ১৫, লিটন ১৪; জয়াসুরিয়া ৫/৫৬, ধনঞ্জয়া ২/১৩, থারিন্দু ২/১৯)।
- শ্রীলঙ্কা: ৪৫৮।
- ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানে জয়ী।
- ম্যাচসেরা: পাতুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)।
- সিরিজসেরা: পাতুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)।