আসলে আমরা অভিনয় করি, বিশ্বকাপের আগে কেন এমন বললেন শান্ত?

দেশ সেরা পেসতারকা মুস্তাফিজুর হমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর, নিরাপত্তার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, বড় আসরগুলোর আগে বা চলাকালীন সময়ে নানা বিতর্ক মোকাবিলা করতে গিয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রায়ই এক ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে শুক্রবার এক প্রশ্নের জবাবে টেস্ট অধিনায়ক শান্ত বলেন, আমরা কোনো বিশ্বকাপেই আশানুরূপ ফল পাইনি। গতবার আমাদের ভালো সুযোগ ছিল, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। তবে আপনারা খেয়াল করলে দেখবেন, প্রতিটি বিশ্বকাপের আগেই কোনো না কোনো ঘটনা ঘটে।

এ ধরণের এক বা একাধিক আসরে খেলার অভিজ্ঞতার কথা জানিয়ে শান্ত আরও বলেন, একজন খেলোয়াড় হিসেবে আমি বলতে পারি, এই বিষয়গুলো আমাদের ওপর প্রভাব ফেলে। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এমন ‘অভিনয়’ করতে হয়, যেন কিছুই আমাদের স্পর্শ করছে না। এমনকি আপনারাও জানেন যে এর প্রভাব পড়ে। এটা মোটেও সহজ নয়। এই জিনিসগুলো না ঘটলেই ভালো হতো। আমি মনে করি, খেলোয়াড়রা তবুও সব কিছু একপাশে সরিয়ে রেখে ভালো পারফর্ম করার চেষ্টা করে।

তিনি আরও যোগ করেন, আমি এটাও বলব যে, এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। শেষ পর্যন্ত আমরা যেখানেই বিশ্বকাপ খেলি না কেন, আমার মনে হয় খেলোয়াড়দের এমন আচরণ করতে হবে যেন কোনো কিছুতেই তাদের সমস্যা হচ্ছে না, যাতে তারা দলের জন্য ভালো করতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বল মাঠে গড়ানোর এক মাসেরও কম সময় বাকি থাকলেও, বাংলাদেশের অংশ নেয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

আইপিএলেন জন্য ৯.২ কোটি রুপিতে চুক্তিবদ্ধ মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে ভারতীয় বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিলে এই বিতর্কের সূত্রপাত হয়। বিসিসিআই সরাসরি নিরাপত্তার কথা উল্লেখ না করলেও, ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কেকেআর মালিক শাহরুখ খানকে মুস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে ধর্মীয় ও রাজনৈতিক নেতারা হুমকি দিয়েছিলেন।

বাংলাদেশ সরকার এর দ্রুত প্রতিক্রিয়া হিসেবে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। অন্যদিকে, বিসিবি আইসিসিকে জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা ভারত সফর করবে না এবং এর পরিবর্তে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায়।

শান্ত বর্তমান টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ না হলেও, আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলের নেতৃত্বে ছিলেন। এছাড়া ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ দলেও তিনি ছিলেন।

তথ্য সূত্র: ইএসপিএনক্রিকইনফো.কম