কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই শুরু হতে যাচ্ছে। ম্যাচের শুরুতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। কন্ডিশন এবং উইকেটের সুবিধা নিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান বলেন, উইকেট কিছুটা আঠালো মনে হচ্ছে, তাই আমরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি শুরুর কয়েক ওভার আমাদের বোলাররা সুবিধা পাবেন।
অন্যদিকে ভারত অধিনায়ক সুরিয়াকুমার যাদব জানান, তিনিও প্রথমে ব্যাটিং করার কথাই ভাবছিলেন। তিনি বলেন, গত দুটি ম্যাচে আমরা রান ডিফেন্ড করে জিতেছি, তাই ব্যাটিং নিয়ে আমরা চিন্তিত নই। এটি একটি বড়ো চাপের ম্যাচ এবং যেকোনো দল যেকোনো দিন জিততে পারে।
ভারতীয় দলে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। পেসার আর্শদীপ সিংয়ের বদলে একাদশে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। এছাড়া পেটের সমস্যার কারণে আগের ম্যাচ মিস করা অভিষেক শর্মা আজ আবার ওপেনিংয়ে ফিরেছেন। পাকিস্তান অবশ্য তাদের আগের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে।
ভারত: অভিষেক শর্মা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তান: সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আঘা (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, আবরার আহমেদ ও উসমান তারিক।
পরিসংখ্যান বলছে, পাকিস্তানের বিপক্ষে কুলদীপ যাদব বরাবরই ভয়ঙ্কর। তিন ম্যাচে আট উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তার। অন্যদিকে, পাকিস্তানের সাহেবজাদা ফারহান ভারতের সেরা পেসার জাসপ্রিত বুমরাহর বিপক্ষে দারুণ সফল। এশিয়া কাপের তিন ম্যাচে বুমরাহর ৩৪ বলে ৫১ রান নিলেও একবারও আউট হননি তিনি।
এদিকে কলম্বোর আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া এখন পর্যন্ত শুষ্ক। ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়াম এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্যের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনী। স্টেডিয়ামের ভিভিআইপি বক্সে বিসিসিআই সচিব জয় শাহ, অরুণ ধুমাল এবং রাজীব শুক্লা উপস্থিত আছেন। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মহসিন নাভী ও সালমান নাসিরকেও গ্যালারিতে দেখা গেছে।
এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারানো পাকিস্তান আজ সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায়, অন্যদিকে মেলবোর্ন ও নিউইয়র্কের মতো আবারও জয় ছিনিয়ে নিতে মরিয়া সুরিয়ার দল।