দিনের শেষভাগে সাজিদ খানের কার্যকরী কিছু রানে ভর করে বাংলাদেশের প্রথম ইনিংসের রানের ব্যবধান ৪৬-এ নামিয়ে এনেছে পাকিস্তান। তবে ব্যবধান কিছুটা কমলেও নিজেদের বোলিং পারফরম্যান্স নিয়ে নিশ্চিতভাবেই খুশি থাকবে বাংলাদেশ দল।
রোববার প্রথম সেশনে চার উইকেট নেওয়ার পর বিকেলের সেশনেও চার উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ইনিংসে বড়সড় ধাক্কা দেন টাইগার বোলাররা। পাকিস্তানের পক্ষে বাবর আজমকে বেশ সাবলীল দেখাচ্ছিলো, কিন্তু শেষ পর্যন্ত একটি সফট ডিসমিসালে সাজঘরে ফেরেন তিনি (৬৮)। এরপর সালমান আলী আগা স্কয়ার লেগ ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
বাবর ও আগার বিদায়ের পর পাকিস্তানি শিবিরে তোপ দাগেন স্পিনার তাইজুল ইসলাম। একে একে মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলীকে আউট করে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি।
একপর্যায়ে মনে হচ্ছিলো বাংলাদেশ দল প্রায় ৭০ রানের মতো লিড বা ব্যবধান ধরে রাখতে পারবে। কিন্তু শেষ উইকেটে প্রতিরোধ গড়েন সাজিদ খান (৩৮)। তাইজুল ইসলামকে টানা তিনটি ছক্কা মেরে দ্রুত রান তোলেন তিনি। সাজিদের এই গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত ২৩২ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান।
বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুল, নাহিদ রানা তিন করে এবং তাসকিন ও মিরাজ দুটি করে উইকেট নেন।