সূর্যবংশীর বিদেশ সফরে সঙ্গে থাকবেন মা-বাবাও!

ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে পেলেন এই কিশোর ব্যাটার। প্রথমবার ভারতীয় জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন বৈভব।

তবে, দল ঘোষণার পাশাপাশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক অভূতপূর্ব ও নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। বৈভবের বয়স যেহেতু মাত্র ১৫, তাই আন্তর্জাতিক ক্রিকেটের চাপ এবং দীর্ঘ বিমানযাত্রার ধকল সামলাতে তাঁর বাবা-মাকে দলের সাথে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে যাওয়ার অনুমতি দিয়েছে বোর্ড। শুধু তাই নয়, তাঁদের সফরের যাবতীয় রাজকীয় খরচও বহন করবে খোদ বিসিসিআই!

Vaibhav Sooryavanshi 02
স্পোর্টস্টারের একটি বিশেষ প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, যেহেতু ও এখনও একটা বাচ্চা ছেলে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ওর বাবা-মা ওর সঙ্গী হতে পারবেন। এতে ও সম্পূর্ণ নতুন একটি পরিবেশে দ্রুত খাপ খাইয়ে নিতে পারবে এবং একা বোধ করবে না। বোর্ডের পক্ষ থেকেই তাঁদের সব খরচ মেটানো হবে। ১৫ বছরের এক কিশোরের জন্য বোর্ডের এমন ‘অভিভাবকসুলভ’ যত্ন দেখে ক্রিকেট মহলে ইতিমধ্যেই ধন্য ধন্য পড়ে গেছে। বৈভব বর্তমানে ভারত ‘এ’ দলের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে রয়েছেন।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে বৈভব যা করেছেন, তাকে এক কথায় ‘ঐশ্বরিক’ বললেও কম বলা হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক (অরেঞ্জ ক্যাপ জয়ী) হিসেবে তিনি একাই করেছেন ৭৭৬ রান! যার মধ্যে রয়েছে একটি বিধ্বংসী সেঞ্চুরি এবং পাঁচটি চোখধাঁধানো হাফ-সেঞ্চুরি। আইপিএলের মেগা মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এবং ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের’ পুরস্কারও নিজের বগলে পুরেছেন।

শনিবার বিসিসিআই সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর বৈভবকে নিয়ে নিজেদের আকাশচুম্বী প্রত্যাশার কথা জানান। আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং আসন্ন এশিয়ান গেমসের দলে বৈভবের সুযোগ পাওয়া নিয়ে আগরকর বলেন, ওর পারফরম্যান্স নিয়ে নতুন করে কী বলার আছে? আপনারা সবাই দেখেছেন আইপিএলের প্লে-অফে ও কীভাবে প্রায় একাই রাজস্থান রয়্যালসকে টেনে নিয়ে গেছে। এত কম বয়সী একটা বাচ্চার ব্যাটিং শৈলী বা ও কতটা বিস্ফোরক, তা নিয়ে আমার আলাদা করে সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই।

Vaibhav Sooryavanshi 03
প্রধান নির্বাচক আরও যোগ করেন, গত মৌসুমেও ও দারুণ শুরু করেছিল, কিন্তু এবার আইপিএলের মতো চরম হাই-প্রেসার আসরে ও যেভাবে ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচ জেতানো ইনিংস খেলেছে, তা অবিশ্বাস্য। ভারতে যারা টি-টোয়েন্টি ক্রিকেট ফলো করেন, তারা সবাই জানেন ও কতটা বড় গেম-চেইঞ্জার। সত্যি বলতে, বৈভবকে আমাদের বেছে নিতে হয়নি, ওর অতিপ্রাকৃতিক পারফরম্যান্সই ওকে নিজে থেকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে।

আইপিএলের বাইশ গজে বোলারদের তুলোধোনা করার পর এবার বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার নীল জার্সিতে এই ১৫ বছরের বিস্ময়বালক কেমন তাণ্ডব চালান, তা দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে কোটি কোটি ক্রিকেটপ্রেমী!