বিশ্ব ক্রিকেটে আরেক সূর্যবংশীর উদয়, বয়স কত?

উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের হাই-স্কোরিং থ্রিলারে নামিবিয়াকে ১১ রানে হারিয়েছে প্রোটিয়ারা। আর এই জয়ের আসল নায়ক ছিলেন ২০ বছর ১৬১ দিন বয়সী প্রিটোরিয়াস, যিনি নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে নিলেন!

৫৩ বলে ১০১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন ৫৩ বলে ১০১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ছবি: সংগৃহীত
টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের ওপর রীতিমতো ঝড় তোলেন প্রিটোরিয়াস। মাত্র ৫৩ বলে ১০১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এই তরুণ, যেখানে ছিল ৫টি চার আর ৮টি দর্শনীয় ছক্কা! তাঁর এই সেঞ্চুরির ওপর ভর করেই ৪ উইকেটে ২২৮ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদাহীন এক পরীক্ষামূলক দক্ষিণ আফ্রিকা দল। টেস্ট খেলুড়ে ফুল মেম্বার দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ডটি এখন প্রিটোরিয়াসের দখলেই। এর মাধ্যমে তিনি ছাপিয়ে গিয়েছেন আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইকে, যিনি ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ বছর ৩৩৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।

প্রিটোরিয়াসের এই বিশ্বরেকর্ড গড়া ইনিংসের পর আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে ভারতীয় বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ঘিরেও! কাকতালীয়ভাবে আইপিএলে রাজস্থান রয়্যালসে কিন্তু দুজনেই সতীর্থ! মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ও সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফিফটির রেকর্ড ইতোমধ্যে নিজের পকেটে পুরেছেন বিহারের ছেলে বৈভব। জিম্বাবুয়ের বিরুদ্ধে সম্প্রতি ৪৯ বলে ৮১ রানের এক ধুমধাড়াক্কা ইনিংস খেলে সেঞ্চুরির খুব কাছে এসেও আক্ষেপে পুড়েছিলেন তিনি। তবে বয়স এখনও বৈভবের পক্ষে, সামনে আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমসে প্রিটোরিয়াসের এই রেকর্ডকে তিনি ভেঙে গুঁড়িয়ে দেন কি না, সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের!

প্রিটোরিয়াসের এই বিশ্বরেকর্ড গড়া ইনিংসের পর আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে ভারতীয় বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ঘিরেও ছবি: সংগৃহীত
অন্যদিকে ম্যাচ জয়ের লক্ষ্যে ২২৯ রানের পাহাড় টপকাতে নেমে দুর্দান্ত লড়াই চালায় নামিবিয়াও। উদ্বোধনী জুটিতে ইয়ান ফ্রাইলিঙ্ক (৭২) ও লরেন স্টিনক্যাম্প (৬১) ১১৯ রান তুলে চমক দেখালেও শেষ পর্যন্ত ২১৭ রানে থামে তাদের ইনিংস। ওপেনার কনার এস্টারহুইজেন (৮৮) ও প্রিটোরিয়াসের ১৫৬ রানের উদ্বোধনী জুটির ভর করে তোলা দক্ষিণ আফ্রিকার ২২৮ রানই ম্যাচ জয় নিশ্চিত করে। এই ফলাফলের ফলে নামিবিয়াকে পেছনে ফেলে রোববারের ফাইনালে প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার টিকিট কেটেছে জিম্বাবুয়ে!