সিলেটে টেস্ট ক্রিকেটের ইতিহাসে লেখা হলো এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর অধ্যায়। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা তৌহিদ হৃদয়ের মহাকাব্যিক ও রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ভর করে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৩০ রানের মূল্যবান লিডও তুলে নিয়েছে স্বাগতিকরা।
এর আগে দলের রান যখন ১৮৪, তখন সাত উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। ঠিক সেই মুহূর্তে দলের হাল ধরেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। অবিশ্বাস্য দৃঢ়তা আর ঝোড়ো পাল্টা আক্রমণে উইকেটে স্থায়ী হয়ে যান তিনি।
প্রতিপক্ষ ক্যারিবীয়দের কিছু অদ্ভুত কৌশল হৃদয়কে পথ সহজ করে দেয়। ফিল্ডারদের বৃত্তের কাছাকাছি না এনে কিছুটা দূরে পজিশন দেওয়ায় অনায়াসেই সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে যান তিনি। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে ওভারের শেষ দুই বল নিজের স্ট্রাইকে রেখে একাই স্কোরবোর্ড সচল রাখেন এই ডানহাতি ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের এই ভুল কৌশলের চড়া মূল্য দিতে হয়েছে পুরো দলটিকে।
শেষ পর্যন্ত ২৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হৃদয়। তার এই ম্যারাথন ইনিংসে ভর করে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে ক্যারিবীয়দের প্রথম ইনিংসের তুলনায় ৩০ রানের গুরুত্বপূর্ণ লিড পায় টাইগাররা।
প্রথম ইনিংসের এই বিশাল সংগ্রহ ও হৃদয়ের রূপকথার ইনিংসের পর এখন কঠিন পরীক্ষার মুখে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। দ্বিতীয় ই্নিংসে দুই ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে উইন্ডিজের সংগ্রাহ চার রান। ব্রান্ডন কিং ৪ ও ডি সিলভা ০ রানে ব্যাট করছেন।