হোবার্টে অস্ট্রেলিয়াকে ৯৭ রানে হারিয়ে সিরিজ জিতলো ইংল্যান্ড

হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারীরা। বুধবারের ম্যাচে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের ওপেনার বেন ডুকেট। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক তিন ওভারে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার বেন ডাকেট, ৯৪ বলে শতক পূর্ণ করা এই বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত ১১৫ বলে ১৫টি চার ও তিন ছক্কার সাহায্যে ১৩৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া উইল জ্যাকস ৪৮ বলে ৫৯ এবং টম ব্যান্টন ৩৫ বলে ৪৪ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে জ্যাক এডওয়ার্ডস ৩১ রানে চারটি এবং ম্যাট রেনশ ৫১ রানে তিন উইকেট শিকার করেন।

দ্বিতীয় ইনিংসে ৩২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ পেসার সনি বেকার ও গাস অ্যাটকিনসনের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় পাঁচ রানের মধ্যে দুই ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শকে হারায় স্বাগতিকরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ম্যাট রেনশ ৭০ বলে ৫৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট ছিলো না। অ্যালেক্স ক্যারি করেন ৩৭ রান । তবে এই জুটি ভাঙার পর আবারও ধস নামে অজি শিবিরে। এর মধ্যে ক্যামেরন গ্রিন ৩ রান করে মাথায় আঘাত পেয়ে (রিটায়ার্ড হার্ট) মাঠ ছাড়লে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায়। 

শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ২৩১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল সনি বেকার। ৪৫ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। লিয়াম ডসন শিকার করেন তিন উইকেট।

বেলেরিভ ওভালে এটি ইংল্যান্ডের প্রথম ওয়ানডে জয়। অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৭-১৮ মৌসুমের পর এটিই তাদের প্রথম সিরিজ জয়।