শাহাদাতের অনবদ্য শতকে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৪ রানে প্রথম উইকেট, ১৬ রানে দ্বিতীয়টি হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ধীরগতির ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন মাহিদুল ইসলাম ও শাহাদত হোসেন। শেষ দিকে শাহাদতের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় দল। তার অপরাজিত শতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান তুলেছে বাংলাদেশ ‘এ’ দল।

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই আলী রাজার বাউন্সারে দুই রান করে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। পাঁচ ওভারের মধ্যে একই বোলারের বলে বোল্ড হয়ে যান মাহমুদুল হাসান জয়। তিনি করেন ১৭ বলে ৯ রান।

প্রথম ১০ ওভারে মাত্র ৩১ রান তুলতে পারে বাংলাদেশ। ২১ বল খেলে মাত্র ১ রান করেন মাহিদুল। অন্য প্রান্তে শাহাদতও শুরুতে ছিলেন ধীরগতির। তবে দুজনের জুটিতে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় দল।

শাহাদত ও মাহিদুলের জুটি থেকে আসে ৯৫ রান। ৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের বলে আউট হন মাহিদুল। এরপর আফিফ হোসেন পাঁচ রান করে বোল্ড হন মুকিমের গুগলিতে। একই ওভারে কোনো রান না করেই ফেরেন সাব্বির রহমান। ১০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

এরপর মেহরবকে নিয়ে দলের হাল ধরেন শাহাদত। দুজনের জুটিতে আসে ৫২ রান। ২৮ রান করে হাসান নেওয়াজের বলে ফেরেন মেহরব। একই ওভারের পরের বলে আউট হন মোহাম্মদ রুবেল। পরে রাকিবুলও ১০ রান করে বিদায় নেন। ১৯৫ রানে অষ্টম উইকেট হারানোর পর শেষ দিকে রান তোলার দায়িত্ব নেন শাহাদত ও রিপন।

সেঞ্চুরির জন্য শেষ দিকে শাহাদতের প্রয়োজন ছিল চার রান। আহমেদ দানিয়ালের ওভারের পঞ্চম বলে স্টাম্পে পিচ করা বলটি মিডউইকেট দিয়ে ছক্কায় পরিণত করেন তিনি। তাতেই পূর্ণ হয় তার শতক। ১০৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। শেষ দিকে রিপন ১২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।

পাকিস্তান ‘এ’ দলের হয়ে সুফিয়ান মুকিম ২৯ রানে তিন উইকেট নেন। হাসান নেওয়াজ ও আলী রাজা পান দুইটি করে উইকেট।

ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তান ‘এ’ দলের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৩৩ রান।