এমন সার্কাস জীবনে কখনো দেখেননি হ্যাভিয়ের মাশ্চেরানো। লিওনেল মেসি বললেন অবিশ্বাস্য। প্যারিস অলিম্পিকের প্রথম দিনে নাটক জমে উঠলো আর্জেন্টিনা-মরক্কো ম্যাচে। ভিএআরের বিতর্কিত সিদ্ধান্তে ২-১ গোলে হারলো আলবিসেলেস্তেরা।
এই ঘটনার জেরে ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
আতশবাজি, বোতল ছোড়াছুড়ি, বিতর্কিত ভিএআর। প্যারিস অলিম্পিকের ওপেনিং ডেতে ফুটবল ম্যাচ নয় সমর্থকরা দেখলো সার্কাস শো। আর্জেন্টিনা বনাম মরক্কো ম্যাচে, সেন্ট এতিয়ের ময়দান রূপ নিয়েছিলো রণক্ষেত্রে।
প্যারিসে অবশ্য শুরুটা অন্য আর পাঁচটা ম্যাচের মতোই ছিলো। দিন দশেক আগে কোপা জয়ী আর্জেন্টিনা মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়ে প্রথমার্ধের যোগ করা সময়ে। বিরতির পরই আর্জেন্টিনার গিফট করা পেনাল্টিতে মরক্কতো পৌঁছে যায় ২-০ ব্যবধানে।
অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে একটি গোল শোধ করেন জিউলিয়ানো সিমিয়নে। নির্ধারিত সময়ে ২-১ এ এগিয়ে ছিলো আফ্রিকার দেশটা।
ম্যাচের অতিরিক্ত সময় দেয়া হয় ১৫ মিনিট। এরপরই নাটকীয়ভাবে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। শেষ মিনিটে গোল করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার মেদিনা। এরপরই শুরু হয় মরক্কো সমর্থকদের বোতল বৃষ্টি। সেই সাথে আর্জেন্টিনার ফুটবলারদের লক্ষ করে ছোড়া হয় আতশবাজি। সময় পেরিয়ে যাওয়ার পরে আর্জেন্টিনা গোল করায় রেগে যান মরক্কোর সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে মাঠে পুলিশ নামতে বাধ্য হয়। গ্যালারি খালি করিয়ে দেয়া হয়।
এই ম্যাচের আসল টুইস্ট তখনও বাকি। ম্যাচ বন্ধ হওয়ার প্রায় ঘণ্টা পর খেলোয়াড়েরা আবার মাঠে ফেরেন। অফসাইডের কারণে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি বাতিল করে দেয় ভিএআর। সেইন্ট এতিয়েনের মাঠের ম্যানেজার এসে বলেন ম্যাচ শেষ হয়নি। গ্যালারির দরজা বন্ধ করে আবারও শুরু হয় খেলা। চলে ৩ মিনিট ১৫ সেকেন্ড।
সব মিলিয়ে আর্জেন্টিনা মরক্কো ৯০ মিনিটের ম্যাচ শেষ হয় চার ঘণ্টায়। তবে পুরো ম্যাচে ইফেক্টিভ প্লেয়িং টাইম ছিলো মোটে ৫৪ মিনিট ২৭ সেকেন্ড। ফাউলের বন্যা বইয়ে দেয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা চলে ২৬ মিনিট ৫ সেকেন্ড।
তবে এতকিছুর পরও সবাই যেখানে ভাবলো ম্যাচ ২-২ গোলে ড্র সেখান থেকে আর্জেন্টিনা হেরেই গেলো । দুই ঘণ্টা পর ভিএআরের গোল বাতিলের সিদ্ধান্তে বিতর্ক জন্ম দিয়েছে আরও। ম্যাচ শেষ হতেই ইন্সটাগ্রামে প্রতিক্রিয়া জানান লিওনেল মেসি বলেন, এটা অবিশ্বাস্য।