দেশে ফেরা সাফ জয়ী মেয়েদের জমকালো বরণ

টানা দ্বিতীয়বারের মতো, সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে দেশে ফিরেই, প্রাণঢালা সংবর্ধনা পেলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সেখানেই দেওয়া হয় ফুলেল সংবর্ধনা।

দুই বছর আগের মতো এবারও ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হলো সাফ জয়ী নারী ফুটবলারদের। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলের ফুটবল ফেডারেশনের (বাফুফে) যান সাফ চ্যাম্পিয়নরা।

ঐতিহাসিক অর্জনের পর বাংলাদেশ দলকে বরণ করে নিতে বিমানবন্দর আগেই প্রস্তুত ছিলো। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন ট্রফিসহ সাবিনারা বাফুফে ভবনে রওয়ানা দেয়। ঢাকা শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে বাংলাদেশ দলকে বহনকারী বাসটি বাফুফে ভবনে পৌঁছায়।

women1

এ সময় গণমাধ্যমকর্মী ছাড়াও হাজার হাজার ভক্ত সমর্থকরা ছাদখোলা বাসের আগে-পেছনে থেকে বাফুফে পর্যন্ত পৌঁছে দেয়। বিআরটিসি বাসটি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়। পুরো বাসের চারদিকে বড় অক্ষরে চ্যাম্পিয়ন শব্দটি লেখা ছিল।

রাস্তার দুই ধারে দাঁড়ানোর মানুষদের আনন্দিত করেন সাবিনা, ঋতুপর্ণা, মনিকা, তহুররা। বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, এই শিরোপা বাংলাদেশের মানুষের জন্য। সাবিনাদের বরণ করে নিতে বাফুফে ভবনেও বিপুল সংখ্যক ভক্ত সমর্থক উপস্থিত হয়।

সাবিনা খাতুন আরও বলেন, দেশের মানুষের দোয়া ও ভালোবাসা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। আমরা যে শিরোপা জিতেছি, তার দাবিদার তারাই। আমরা বাংলাদেশের মানুষের মান রাখতে পেরেছি। দুই বছর আগে প্রথমবারের মতো শিরোপা জিতেছিলাম।

তিনি বলেন, আমরা এটা মাথায় রেখে খেলেছি, যেন কেউ বলতে না পারে, আমরা প্রথমবার ভাগ্যের জোরে জিতে গিয়েছিলাম। এবার শিরোপা জিতে মেয়েরা প্রমাণ করেছে, তারা ভালো ফুটবল খেলতে পারে।

চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানাতে বিকেল সোয়া পাঁচটা থেক অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাবিনারা আসার পর বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য দেখা করেন তিনি। তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয় ও এনএসসির কর্মকর্তারা।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে এর আগে কোনো দল টানা দুইবার সাফের শিরোপা জিততে পারেনি। এবার নতুন এক ইতিহাস গড়ে সাবিনা-ঋতুপর্ণারা। টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় শনিবার নারী ফুটবল দলকে সংবর্ধনা দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

women2

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আমিশা। এ নিয়ে ছয়বার হৃদয় ভাঙলো নেপালের। গত আসরেও তারা বাংলাদেশের কাছে শিরোপা হারিয়েছিল।

সাফজয়ী মেয়েদের ২০ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নারী ফুটবল দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার, বিসিবি থেকে পাঠানো বিজ্ঞপ্তি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে দুপুরে বিসিবি সভাপতি পুরস্কৃত করার তথ্য জানিয়েছিলেন।

সাফ জয়ী নারী ফুটবলার এবং পুরো টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য নারী ফুটবল দলের জন্য আমরা অত্যন্ত গর্বিত। দেশের ক্রীড়াঙ্গনের এমন উদযাপনে যোগ দিয়েছে বিসিবি।

তিনি বলেন, ফুটবলে মেয়েদের এমন জয় বাংলাদেশের সব ক্রীড়াবিদ ও নারীদের জন্য অনুপ্রেরণার। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল কমিটিকেও অভিনন্দন জানাই। বিসিবি খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ঐতিহাসিক বিজয় দেশজুড়ে আগ্রহ ও সমর্থন বাড়িয়ে দেবে।