সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার আয়োজন করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
গত বুধবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে নেপালকে হারায়। গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আমিশা। এ নিয়ে ছয় বার হৃদয় ভাঙলো নেপালের।
দুই বছর আগে একই মাঠে একই প্রতিপক্ষকে হারিয়ে এসেছিল প্রথম শিরোপা।
এদিকে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশের নারী ফুটবল দলকে এক কোটি পুরস্কার দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বাফুফে ভবনে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।