সেকেন্ডে ৫০ লাখ টাকার বেশি আয় করেছেন নেইমার

ব্রাজিলীয়ান সুপারস্টার নেইমার আর ইনজুরি সব সময়ই হাতে ধারাধরি করে হাঁটে। ক্যারিয়ারের শুরু থেকে নেইমার কখনও ইনজুরি ছাড়া ছিলেন, এমন উদাহরণ প্রায় নেই। এই একটি কারণে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মেধাবী এই ফরোয়ার্ডের ক্যারিয়ার বারবার হোঁচট খেয়েছে। 

ইনজুরির কারণে ২০২৪ সালের প্রায় পুরো সময় বিশ্রামেই কাটাতে হয়েছে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারকে। তবে মাঠে না থাকতে পারলেও, আয় থেমে নেই এইন সুপারস্টারের। ২০২৪ সালে নেইমার মাঠে নেমেছেন মাত্র দুই ম্যাচে, তাও আবার সব মিলিয়ে মাত্র ৪২ মিনিট।

কিন্তু এই ৪২ মিনিটেই নেইমারের পকেটে কতো টাকা গেছে, সেটি শুনলে চোখ কপালে উঠবে যে কারো। ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাটো এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি ক্লাব আল হিলালের হয়ে অল্প সময়ে মাঠে নামলেও বছরে আয় করেছেন ১০ কোটি ১০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা)। এর মানে প্রতি সেকেন্ডে তার আয় হয়েছে ৫০ লাখ ৩৭ হাজার টাকা।  

নেইমারের এই দুই ম্যাচ ছিল এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইন ও এসতেগলাল এফসির বিপক্ষে। 

২০২৩ সালে রেকর্ড ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে আল-হিলালে যোগ দেন বার্সেলোনা ও পিএসজির এই ফরোয়ার্ড। এর মাধ্যমে সৌদি লিগে তিনি সবচেয়ে দামী খেলোয়াড়ের রেকর্ড গড়েন। যদিও মধ্যপ্রাচ্যে তার ক্যারিয়ার মোটেই সুখকর হয়নি। ইনজুরির কারনে তাকে বেশিরভাগ সময়ই বিশ্রামে কাটাতে হয়েছে। 

গুরুতর এসিএল ইনজুরির কারণে মাত্র পাঁচ ম্যাচ খেলেই নেইমার মাঠ থেকে ছিটকে যান। বদলি খেলোয়াড় হিসেবে নামা এই দুই ম্যাচে গোল করতে পারেননি বা সতীর্থদের দিয়ে করাতেও পারেননি নেইমার। যদিও দল হিসেবে আল হিলাল জয় পেয়েছিলো।

ফুট মেরকাটোর হিসাব অনুযায়ী, ২০২৪ সালে নেইমার বল পায়ে লাগিয়েছেন মাত্র ৪৫ বার। এতে প্রতি টাচে তার আয় দাঁড়ায় প্রায় ১৪ কোটি ৮ লাখ টাকা। সৌদি ক্লাবে ১৭ মাসের ক্যারিয়ারে সব মিলিয়ে খেলেছেন মাত্র সাত ম্যাচ। শোনা যাচ্ছে, আল হিলাল আর নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নয়।  

৩১ বছর বয়সী নেইমারের ফিটনেস সমস্যা নতুন কোন ইস্যু নয়। ২০১৪ সালের জানুয়ারিতে বার্সেলোনায় থাকার সময় গোঁড়ালির ইনজুরিতে পড়ে ক্লাব ও দেশের হয়ে প্রায় ২০০টি ম্যাচ খেলতে পারেননি। গত এক যুগ ধরে তিনি এক হাজারেরও বেশি দিন কাটিয়েছেন মাঠের বাইরে। 

সম্প্রতি তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে। ২০২৪ সালের নভেম্বরে সবশেষ ম্যাচ খেলেছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এসতেগলালের বিপক্ষে নেইমার ২৯ মিনিট মাঠে ছিলেন। আল-হিলালে যোগ দেবার পর নেইমার সাতটি ম্যাচ খেলেছেন। জাতীয় দলে হয়েও কোন ম্যাচ খেলতে পারছেন না। 

সব মিলিয়ে সুপারস্টা নেইমারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন থেমে নেই। পুরোনো সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও, দলটির কোচ টাটা মার্টিনো সেই সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। নেইমারের বিশ্বকাপ খেলা নিয়েও সংশয় আছে।