বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মাটিতে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে স্থানীয় সময় মঙ্গলবার জাম্বিয়ার মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। আসন্ন বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামার আগে এই ম্যাচটি হতে যাচ্ছে অধিনায়ক লিওনেল মেসির জন্য ঘরের মাঠে শেষ বিদায়ী ম্যাচ। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, এই হাই-ভোল্টেজ ম্যাচে শুরু থেকেই মাঠে থাকবেন আধুনিক ফুটবলের এই জাদুকর।
গেলো শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয়ে মেসি বদলি হিসেবে বেঞ্চ থেকে নেমেছিলেন। তবে জাম্বিয়ার বিপক্ষে তাকে ঘিরেই মূল একাদশ সাজাচ্ছেন স্কালোনি। ৩৮ বছর বয়সী মেসি তার ষষ্ঠ বিশ্বকাপ খেলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, বাছাই পর্বের পুরোটা জুড়ে তিনি দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। স্কালোনি আশাবাদী, আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা তার সম্ভাব্য শেষ বিশ্বকাপটি পূর্ণ উপভোগ করবেন।
স্কালোনি স্পষ্ট করে দিয়েছেন, জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি হবে তার দলের জন্য ‘ফাইনাল টেস্ট’ বা চূড়ান্ত পরীক্ষা। তিনি বলেন, মঙ্গলবার (বাংলাদেশ বুধবার ভোর) চেনা পরিচিত মূল খেলোয়াড়দের বেশিরভাগই মাঠে থাকবেন। আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী একাদশটিকেই ঝালিয়ে নিতে চাই। মৌরিতানিয়ার বিপক্ষে দলের ছন্নছাড়া পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে কোচ সতর্ক করে দিয়েছেন, ওই ধরনের ফুটবল আর কাম্য নয়। তিনি মনে করেন, দলের প্রকৃত সামর্থ্য গতদিনের চেয়ে অনেক বেশি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ইতিমধ্যেই ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিয়েছেন স্কালোনি। তবে মে মাসের শেষে চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণা করা হবে। কোচ জানান, আমার মাথায় চূড়ান্ত তালিকাটি প্রায় ঠিক করাই আছে। তবে যারা দীর্ঘদিন দলের সাথে আছেন, তাদের পারফরম্যান্স আশাব্যঞ্জক না হলে আমি কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করব না। আমরা নিখুঁত একটি দল নিয়ে বিশ্বকাপে যেতে চাই।
মঙ্গলবার জাম্বিয়ার বিপক্ষে এই প্রীতি ম্যাচটি দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে শীর্ষস্থান ধরে রাখা আর্জেন্টিনার জন্য আত্মবিশ্বাস সঞ্চয়ের বড় সুযোগ। ঘরের মাঠের দর্শকদের সামনে মেসির জাদুকরী পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপ অভিযানের এক রাজকীয় সমাপ্তি দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।