ব্রাজিল শিবিরে ইনজুরির হানা, রদ্রিগোর পর অনিশ্চিত এস্তেভাও

ব্রাজিলিয়ান ফুটবল এবং চেলসির তরুণ সেনসেশন এস্তেভাও উইলিয়ানকে নিয়ে বড় দুসংবাদ পেল ফুটবল বিশ্ব। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলতি মৌসুমের বাকি সময়টা তিনি আর মাঠে নামতে পারছেন না। এই চোট শুধু চেলসিকেই নয়, বরং বিশ্বকাপে ব্রাজিলের হয়ে তাঁর অংশগ্রহণের ওপরও বড় এক অনিশ্চয়তার ছায়া ফেলে দিয়েছে। ব্রাজিলের কোন কার্লো আনচেলত্তির জন্যও এটি এক বড় দুঃসংবাদ।

চেলসির অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেন শুক্রবার নিশ্চিত করেছেন, ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের চোট কাটিয়ে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচের মাত্র ১৬ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। ম্যাকফারলেন বলেন, দুর্ভাগ্যবশত এস্তেভাও এই মৌসুমে আমাদের হয়ে আর খেলতে পারবেন না। এত তরুণ এবং প্রতিভাবান একজন খেলোয়াড়ের ক্ষেত্রে এমনটা ঘটা সত্যিই দুঃখজনক।

আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের মিশন শুরু করবে। বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠার জন্য এস্তেভাওয়ের হাতে খুব বেশি সময় নেই। গত সপ্তাহে চোট নিয়ে মাঠ ছাড়ার সময় এই কিশোর ফুটবলারকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল, যা ইনজুরির গভীরতা নিয়ে শঙ্কা বাড়িয়ে দেয়। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে।

কোচ আনচেলত্তির ব্রাজিল দলে এস্তেভাও ছিলেন অন্যতম বড় ভরসা। গত ছয়টি আন্তর্জাতিক ম্যাচে তিনি পাঁচটি গোল করেছেন, যা তাঁর বর্তমান ফর্মের প্রমাণ দেয়। তবে, বিশ্বকাপের আগে ব্রাজিল দলে ইনজুরির মিছিল বাড়ছেই। রিয়াল মাদ্রিদ উইঙ্গার রদ্রিগো আগেই ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এখন এস্তেভাওকেও যদি পাওয়া না যায়, তবে তা সেলেসাওদের জন্য বড় এক বিপর্যয় হয়ে দাঁড়াবে।

এস্তেভাওকে হারিয়ে চেলসি ব্যাকফুটে থাকলেও রোববারের এফএ কাপ সেমিফাইনালে লিডসের বিপক্ষে কিছু ভালো খবর পাওয়ার আশা করছে দলটি। চোট কাটিয়ে কোল পালমার এবং জোয়াও পেড্রো মাঠে ফেরার লড়াইয়ে রয়েছেন, যা চেলসি সমর্থকদের মনে কিছুটা স্বস্তি দিতে পারে।

এস্তেভাওয়ের এই আকস্মিক চোট ফুটবল ভক্তদের মনে এক বিষণ্ণতা তৈরি করেছে। বিশ্বকাপের মঞ্চে এই উজ্জ্বল নক্ষত্রকে দেখার জন্য এখন কেবল সময়ের সাথে তাঁর সুস্থ হয়ে ওঠার প্রতীক্ষায় থাকতে হবে।

তথ্যসূত্র: বিবিসি-আল জাজিরা