ফুটবল বিশ্বের অন্যতম রহস্যময় এবং রোমাঞ্চকর এক চরিত্রের নাম গুইলারমো 'মেমো' ওচোয়া। সাধারণ ক্লাব ফুটবলে তার পারফরম্যান্স যেমনই হোক, বিশ্বকাপের মঞ্চ আসতেই যেন অতিমানবে রূপান্তরিত হন এই গোলরক্ষক। ফুটবল ভক্তদের সেই চিরচেনা কোঁকড়া চুলের অতিমানব এবার নিজের শেষ যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বকাপে মেক্সিকো দলে অন্তর্ভুক্ত হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন ৪০ বছর বয়সী এই কিংবদন্তি।
ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামার অপেক্ষায় আছেন ওচোয়া। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো এই খবর নিশ্চিত করার পর ওচোয়া নিজেও তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। তবে এই প্রাপ্তির সাথে মিশে আছে এক বিষণ্ণ সুর।
ওচোয়া ঘোষণা করেছেন, ২০২৬ বিশ্বকাপের পরই তিনি জাতীয় দল এবং পেশাদার ক্লাব ফুটবল (বর্তমানে সাইপ্রাসের এইএল লিমাসোল) থেকে চিরতরে বিদায় নেবেন। এর মাধ্যমে অবসান ঘটবে মেক্সিকান ফুটবলের এক বর্ণাঢ্য এবং দীর্ঘ অধ্যায়ের।
বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ওচোয়া 'টিইউডিএন'-কে দেয়া এক সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে বলেন, আমি খুব শান্ত মনে বিদায় নিচ্ছি। সিদ্ধান্তটা কঠিন সন্দেহ নেই, তবে আমি বছরের পর বছর ফুটবল উপভোগ করেছি। এমন একটা সময় আসে যখন আপনার শরীর আর মস্তিষ্ক বলে দেয় যে, আমরা সবটুকু দিয়েছি। আমি এখন ঠিক সেই বিন্দুতেই দাঁড়িয়ে আছি। ওচোয়ার এই সরল স্বীকারোক্তি ফুটবল ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
ওচোয়ার বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০০৬ এবং ২০১০ আসরে সাইডবেঞ্চে ব্যাকআপ গোলরক্ষক হিসেবে। কিন্তু ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে তার অতিমানবীয় সেভগুলো তাকে বিশ্বমঞ্চে এক জনপ্রিয় আইকন হিসেবে প্রতিষ্ঠিত করে। বিশেষ করে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে তার সেই অকল্পনীয় পারফরম্যান্স আজও ফুটবলপ্রেমীদের চোখে ভাসে। ষষ্ঠ বিশ্বকাপে নাম লিখিয়ে তিনি লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের পাশে এক অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে যাচ্ছেন।
কোচ হাভিয়ের আগুইরের অধীনে মেক্সিকো দল এখন কঠোর প্রস্তুতিতে ব্যস্ত। লিগা এমএক্স’র খেলোয়াড়রা আগামী ৬ মে থেকে অনুশীলনে রিপোর্ট করবেন। ১ জুনের মধ্যে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে, আর তার দশ দিন পরেই ১০ জুন ব্যানোর্ট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওচোয়াদের প্রথম মিশন শুরু হবে।
দীর্ঘদিনের সেই বিশ্বস্ত গ্লাভস আর অবিশ্বাস্য রিফ্লেক্সের শেষ প্রদর্শনী দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব। মেক্সিকোর জাতীয় বীর 'মেমো' ওচোয়া তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টি কি কোনো জাদুকরী মুহূর্ত দিয়ে রাঙাতে পারবেন? উত্তরটা তোলা থাকল ২০২৬ বিশ্বকাপের মাঠের জন্য।