রদ্রিগেজ ও দিয়াজকে নিয়ে কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আগামী মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কলম্বিয়া। সোমবার কোচ নেস্টর লরেঞ্জো ঘোষিত এই স্কোয়াডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী তারকা হামেস রদ্রিগেজ। তাঁর সঙ্গে আক্রমণভাগের মূল দায়িত্বে থাকছেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার লুইস দিয়াজ।

Nestor ​Lorenzo
কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া কলম্বিয়া এবার দারুণভাবে বিশ্বমঞ্চে ফিরছে। এটি দলটির সপ্তম বিশ্বকাপ আসর। রদ্রিগেজ ও দিয়াজের পাশাপাশি প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসের দুই তারকা ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজ এবং মিডফিল্ডার জেফারসন লারমাকে নিয়ে বেশ শক্তিশালী ও অভিজ্ঞ দল গড়েছেন কোচ লরেঞ্জো। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে মূল পর্বের টিকিট কাটা কলম্বিয়ার লক্ষ্য এবার ২০১৪ সালের কোয়ার্টার ফাইনাল খেলার রেকর্ডকে ছাড়িয়ে যাওয়া।

James Rodriguez
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে কলম্বিয়া দল দেশটির রাজধানী বোগোটায় একটি বিশেষ অনুশীলন ক্যাম্প করবে। সেখানে আগামী ১ জুন কোস্টারিকা এবং ৭ জুন জর্ডানের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর আগামী ১৭ জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কলম্বিয়ার গ্রুপ 'কে'-এর মিশন শুরু হবে। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) এবং শক্তিশালী পর্তুগাল।

Luis Diaz
কলম্বিয়ার পূর্ণাঙ্গ বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: কামিলো ভার্গাস (আতলাস), আলভারো মন্তেরো (ভেলেজ সার্সফিল্ড), ডেভিড অসপিনা (আতলেতিকো নাসিওনাল)

ডিফেন্ডার (রক্ষণভাগ): ডেভিনসন সানচেজ (গালাতাসারে), জন লুকুমি (বোলোনিয়া), ইয়েরি মিনা (ক্যাগ্লিয়ারি), উইলার দিত্য (ক্রুজ আজুল), ড্যানিয়েল মুনোজ (ক্রিস্টাল প্যালেস), সান্তিয়াগো আরিয়াস (ইন্দিপেন্দিয়েন্তে), ইয়োহান মোজিকা (মায়োর্কা), ডেইভার মাচাদো (নঁতে)

মিডফিল্ডার: রিচার্ড রিওস (বেনফিকা), জেফারসন লারমা (ক্রিস্টাল প্যালেস), কেভিন কাস্তানিও (রিভার প্লেট), হুয়ান কামিলো পোর্তিয়া (অ্যাথলেটিকো পারানায়েন্স), গুস্তাভো পুয়ের্তা (রেসিং ডি সান্তান্দার), জন আরিয়াস (পালমেইরাস), হোর্হে কারাসকাল (ফ্ল্যামেঙ্গো), হুয়ান ফার্নান্দো কিনতেরো (রিভার প্লেট), হামেস রদ্রিগেজ (মিনেসোটা ইউনাইটেড), হামিন্টন ক্যাম্পাজ (রোজারিও সেন্ট্রাল)

ফরওয়ার্ড: হুয়ান কামিলো হার্নান্দেজ (রিয়াল বেটিস), লুইস দিয়াজ (বায়ার্ন মিউনিখ), লুইস সুয়ারেজ (স্পোর্টিং সিপি), কার্লোস আন্দ্রেস গোমেজ (ভাস্কো দা গামা), জন কর্ডোবা (এফসি ক্রাসনোদর)