ফুরিয়ে যায়নি পিএসজির খিদে, গিলে খাবে আর্সেনালকে

গত বছর অধরা ট্রফি ছুঁয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ের ইতিহাস গড়েছিল প্যারিস সেন্ট জার্মেইন- পিএসজি। কিন্তু একবারের জয়েই কি ফুরিয়ে গেছে তাদের জেদ? একেবারেই না! ক্লাবটির অধিনায়ক মার্কিনিয়োস এবং খ্যাপাটে কোচ লুইস এনরিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গত মৌসুমের সেই ঐতিহাসিক সাফল্য তাদের রুপোলি ট্রফির খিদে আরও বাড়িয়ে দিয়েছে।

ইউরোপের এলিট ক্লাবগুলোর সিংহাসনে নিজেদের আধিপত্য চিরস্থায়ী করতে শনিবার রাতে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় হাইভোল্টেজ ফাইনালে আর্সেনালের মুখোমুখি হচ্ছে পিএসজি।

PSG 05
শুক্রবার এক জমজমাট সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস সগর্বে বলেন, এই ধরনের ম্যাচে জয়ের অনুপ্রেরণা ধরে রাখাটা সবচেয়ে জরুরি। গত বছর আমরা মুখে যা বলেছিলাম, মাঠেও তা করে দেখিয়েছি। চ্যাম্পিয়নস লিগের ট্রফি একবার ছোঁয়া এবং সেই অবিশ্বাস্য মুহূর্তগুলোর স্বাদ পাওয়ার পর, আপনি বারবার সেই আনন্দের পুনরাবৃত্তি চাইবেন।

মার্কিনিয়োস আরও যোগ করেন, ফাইনাল ম্যাচের চারপাশের চাপ, বিপুল প্রত্যাশা এবং মিডিয়ার শোরগোল কীভাবে সামলাতে হয়, তা তারা গত বছর ভালোভাবেই শিখেছেন। ড্রেসিংরুমের একমাত্র বার্তা হলো, খেলার ধরনে কোনো বদল নয়, বরং গত বছরের সেই একই ‘ক্ষুধা’ নিয়ে মাঠে নামা।

PSG 07
পিএসজি’কে প্রথম ইউরোপ সেরার মুকুট এনে দেয়া স্প্যানিশ মাস্টারমাইন্ড লুইস এনরিকে অবশ্য কোনো অতীত ঐতিহ্যের মোহে বাঁচতে চান না। পিএসজি’র কট্টর সমর্থকরা সম্প্রতি গ্যালারিতে ব্যানার টাঙিয়েছিল, ‘একবার জয় মানে ইতিহাস, দুবার জয় মানে কিংবদন্তি’।

এই স্লোগান নিয়ে এনরিকেকে প্রশ্ন করা হলে তিনি বেশ রসালো ভঙ্গিতে উত্তর দেন, আমাদের মূল লক্ষ্য ইতিহাস বা রেকর্ড গড়া নয়, কারণ সেটা তো আমরা গত বছরই করে ফেলেছি। আমাদের আসল জেদ হলো, ইউরোপ এবং বিশ্বের সেরা দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখা।

টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার জেদকে আর্সেনালের প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের চেয়েও ‘শক্তিশালী’ বলে হুংকার ছেড়েছেন এনরিকে। তবে প্রতিপক্ষ আর্সেনাল ও তাদের স্প্যানিশ বস মিকেল আর্তেতার প্রশংসাও করতে ভোলেননি তিনি। প্রিমিয়ার লিগে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে ইংলিশ শিরোপা জেতা গানার্সদের নিয়ে এনরিকে বলেন, আর্সেনাল প্রচুর গোল করে, আর আমরা রক্ষণে দারুণ। তবে, জয়ের জন্য দুই দলের চলাই পথটাই আলাদা।"

PSG 06
কাফ ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা পিএসজি’র ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে তো এক কদম বাড়িয়ে বলেই দিলেন, ব্যালন ডি’অর পাওয়ার মতো গুঞ্জন তাঁর কাছে দ্বিতীয় সারির বিষয়। দেম্বেলে বলেন, ব্যালন ডি’অরের আলোচনা আমার খেলার ধরণে কোনো প্রভাব ফেলে না। আমার লক্ষ্য সবসময় এই ক্লাব, এই স্কোয়াড ও স্টাফদের নিয়ে ট্রফি জেতা। পুরস্কার তো পরে আসবে, পিএসজির জয়ই এখানে শেষ কথা। টানা ফ্রেঞ্চ লিগ ওয়ান জেতার ক্লান্তিকর মৌসুমের পরও কোচ ও স্টাফদের চমৎকার রোটেশন নীতির কারণে দলের সবাই শারীরিকভাবে শতভাগ চনমনে আছেন বলে জানান তিনি।

আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের কারণে খেলোয়াড়রা কি মনে মনে একটু বাড়তি সতর্ক থাকবেন বা পা বাঁচিয়ে খেলবেন? অধিনায়কের কড়া জবাব, এই ধরনের ম্যাচে এক্সিলারেটরে চাপ না দিয়ে উপায় নেই। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল প্রতি বছর খেলার সুযোগ আসে না। অনেকে পুরো ক্যারিয়ার কঠোর পরিশ্রম করেও এই মঞ্চে পৌঁছাতে পারে না। যদি আপনি এখানে শতভাগ উজাড় করে না খেলেন, তবেই বরং ইনজুরির আসল বিপদ নেমে আসবে। এখন দেখার বিষয়, বুদাপেস্টের মাঠে আর্সেনালের প্রথম ট্রফি জয়ের তীব্র আকাঙ্ক্ষাকে গুঁড়িয়ে দিয়ে লুইস এনরিকের পিএসজি সত্যি সত্যিই ‘কিংবদন্তি’ হয়ে উঠতে পারে কি না!