ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় উৎসব, ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর কাউন্টডাউন শেষ! দলসংখ্যা, ম্যাচ আর দর্শকদের উপস্থিতির দিক থেকে এবারের আসরটি ইতিমধ্যেই সব রেকর্ড ভেঙে চুরমার করতে চলেছে। আর এই বিশ্বযজ্ঞের গৌরব আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে বহস্পতিবার মেক্সিকো সিটি স্টেডিয়ামে বসছে এক অভূতপূর্ব চাঁদের হাট। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের ঠিক আগে মাঠের সবুজ গালিচায় সুরের ঝড় তুলতে হাজির হচ্ছেন একঝাঁক বিশ্বসেরা সঙ্গীত তারকা। তবে সব আলো কেড়ে নিতে এবার মূল স্পটলাইটে থাকছেন বিশ্ব কাঁপানো পপ সম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়!
উত্তর আমেরিকা মহাদেশের তিন স্বাগতিক দেশ- কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র, প্রতিটি দেশেই তাদের নিজেদের প্রথম ম্যাচের আগে পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে। তবে, প্রথম ও মূল উদ্বোধনী ধামাকাটি হতে যাচ্ছে বৃহস্পতিবার মেক্সিকোর ঐতিহাসিক চত্বরে।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগতিক মেক্সিকোর জাতীয় সঙ্গীত গেয়ে মাঠ মাতাবেন প্রখ্যাত শিল্পী আলেজান্দ্রো ফার্নান্দেজ। অন্যদিকে, অতিথি দল দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন বিশ্বজুড়ে ঝড় তোলা গ্র্যামি জয়ী পপ তারকা টাইলা।
তবে এখানেই শেষ নয়; সুরের এই মেগা উৎসবে পারফর্ম করবে গ্র্যামি পুরস্কারজয়ী জনপ্রিয় মেক্সিকান ব্যান্ড ‘মার্না’। তাদের সাথে একে একে মঞ্চে আগুন ঝরাতে আসবেন রায়ান কাস্ত্রো, ড্যানি ওশেন, জে বলভিন, লিলা ডাউনস, বেলিন্ডা এবং লস অ্যাঞ্জেলেস আজুলসের মতো দুনিয়া কাঁপানো লাতিন ও গ্লোবাল পপ তারকারা।
হাজারো তারকার মেলা থাকলেও এবারের উদ্বোধনী অনুষ্ঠানের আসল আকর্ষণ ও লাইমলাইটে থাকছেন কলম্বিয়ান পপ কুইন শাকিরা এবং নাইজেরিয়ার তুখোড় গীতিকার ও গায়ক বার্না বয়। ফুটবল বিশ্বকাপের সাথে শাকিরার প্রেম দীর্ঘদিনের, আর এবার তিনি বার্না বয়কে সাথে নিয়ে মঞ্চে লাইভ পরিবেশন করবেন এই বছরের অফিশিয়াল হিট গান 'দাই দাই' (Dai Dai)। লাতিন বিট আর আফ্রোবিটের এই জম্পেশ ফিউশন ফুটবলপ্রেমী ও সঙ্গীত অনুরাগীদের যে নাচে-গানে বুঁদ করে রাখবে, তা বলাই বাহুল্য!
ভারতীয় উপমহাদেশের দর্শকদের জন্য এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে বৃহস্পতিবার রাত ১১টায়। আর অনুষ্ঠান শেষে বহুল প্রতীক্ষিত মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচটি কিক-অফ হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় মিনিটে ।
ভারত ও বাংলাদেশের ফুটবল ভক্তরা টেলিভিশনের পর্দায় এই মেগা ইভেন্টটি সরাসরি উপভোগ করতে পারবেন ‘ইউনাইট৮ স্পোর্টস’ নেটওয়ার্কে। এছাড়া যারা ডিজিটাল বা অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে শাকিরা-বার্না বয়দের লাইভ পারফরম্যান্স এবং মাঠের ফুটবল যুদ্ধ দেখতে চান, তারা সরাসরি চোখ রাখতে পারেন ‘জি৫’ ওটিটি প্ল্যাটফর্মে। বিশ্বকাপের বল মাঠে গড়ানোর আগেই মেক্সিকো সিটির এই সুরের আগুন পুরো বিশ্বকে ফুটবল জ্বরে পুড়াতে পুরোপুরি তৈরি!