মঙ্গলবার ভোর চারটার দিকে যখন রেফারি শেষ বাঁশি বাজালেন, ঘড়ির কাঁটা আর সাধারণ কর্মদিবসের তোয়াক্কা না করেই এক নজিরবিহীন উন্মাদনায় মেতে উঠল পুরো নরওয়ে!
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘আই’ -এর এক রুদ্ধশ্বাস থ্রিলারে আফ্রিকান সিংহ সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ের ফুটবল দল। আর, এই ঐতিহাসিক জয়ের পরেই রাজধানী অসলোর রাজপথ রূপ নেয় এক অবিস্মরণীয় উৎসবের নগরীতে।
ফুটবল জ্বরে কাঁপতে থাকা হাজার হাজার উত্তেজিত সমর্থক সাতসকালে ঘুম থেকে ওঠার চিন্তা ভুলে সরাসরি হানা দেয় ৮৯ বছর বয়সী রাজা পঞ্চম হ্যারাল্ডের প্রাসাদের সামনে।
অসলোর প্রধান সড়ক ধরে মার্চ করতে করতে উন্মাতাল ভক্তরা স্লোগান দিতে থাকে, আজ আমরা রাজাকে ঘুম থেকে জাগিয়েই ছাড়ব! প্রাসাদের চত্বরে পৌঁছে শত শত সমর্থক মাটিতে বসে ঐতিহ্যবাহী ‘ভাইকিং রোয়িং’ বা নৌকা বাইচের কায়দায় গর্জন করতে করতে উদযাপন শুরু করে।
এই ফুটবল-উন্মাদনায় রাজা ও রানী সোনিয়া ঘুম থেকে জেগে উঠেছিলেন কি না, কিংবা বুড়ো রাজা গভীর রাত জেগে খেলা দেখছিলেন কি না, তা নিয়ে রাজপ্রাসাদ থেকে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি।
তবে রাজপরিবারের পক্ষ থেকে মুচকি হেসে শুধু জানানো হয়েছে, গত রাতে ফুটবল দলের এই মহাকাব্যিক জয়ে পুরো দেশের মতো রাজপরিবারও সমানভাবে আনন্দিত ও গর্বিত। কর্মদিবসের সকালে ঘুম হারাম করে রাজাকে পার্টির সঙ্গী বানানোর এমন পাগলামি শুধু ফুটবল বলেই হয়তো সম্ভব!