গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমেরিকার ডালাস স্টেডিয়ামে রোববার সকাল ৮টায় জর্ডানের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ শুরুর আগেই আলবিসেলেস্তে শিবিরে বড় এক ধামাকা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা মাঠে নামছে তাদের সেরা তারকা ও ফুটবল জাদুকর লিওনেল মেসিকে ছাড়াই! জর্ডানের বিপক্ষে আজ শুরুর একাদশে নয়, বরং বেঞ্চে বসে ম্যাচ শুরু করবেন এলএমটেন।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত হওয়া ৫টি গোলের সব কটিই এসেছে ইন্টার মায়ামির এই মহাতারকার পা থেকে। এমন ফর্মে থাকা মেসিকে কেন বসিয়ে রাখা হচ্ছে, সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন রেডিওর ৯১ বছর বয়সী কিংবদন্তি সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের (যিনি নিজের ১৮তম বিশ্বকাপ কভার করছেন) এমন প্রশ্নে বেশ আন্তরিকতার সাথেই জবাব দেন স্কালোনি।
তিনি বলেন, লিও আজ বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করবে। আপনি এই প্রশ্নটি করেছেন বলেই আমি একদম সততার সাথে উত্তর দিচ্ছি। লিও আজ ম্যাচের একটু পরের দিকে বদলি হিসেবে মাঠে আসবে।”
মেসিকে বেঞ্চে রাখা এবং নকআউটের কথা মাথায় রেখে আর্জেন্টিনা ‘দুর্বল’ দল নামাচ্ছে কি না, এমন গুঞ্জন ও সমালোচনাকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন স্কালোনি। কড়া ভাষায় তিনি বলেন, যারা মাঠে নামছে, তারা প্রত্যেকেই খেলার যোগ্য এবং তারা এই দলেরই অংশ। অনুশীলনে আমরা যত পরিশ্রম করি, তা এই ছেলেদের জন্যই। যখনই আমি সুযোগ পাই, সবাইকে খেলার সময় দিতে ভালোবাসি এবং তা শুধু তারা যোগ্য বলেই। ওরাও অসাধারণ ফুটবলার।
স্কালোনি আরও যোগ করেন, একজন কোচ হিসেবে আমার স্বপ্ন হলো, দলে যে খেলোয়াড়ই থাকুক না কেন, দলের পারফরম্যান্স যেন সবসময় একই রকম থাকে। আপনি যখন আর্জেন্টিনার ঐতিহাসিক এই জার্সি পরে মাঠে নামবেন, তখন ম্যাচের পয়েন্টের গুরুত্ব কম নাকি বেশি, তা কোনো বিষয় নয়। আপনাকে জেতার জন্যই নিজের সেরাটা দিতে হবে। আমাদের মানসিকতা বিশ্বকাপের প্রথম দিনের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সুযোগ পেয়েই টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জর্ডান। বিদায়ী ম্যাচে তারা অল-আউট রক্ষণাত্মক ফুটবল খেলবে বলেই ধারণা করছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। জর্ডানের রক্ষণভাগ নিয়ে স্কালোনি বলেন, জর্ডান পাঁচজন ডিফেন্ডার নিয়ে রক্ষণাত্মক লাইনে খেলে। যদি মাঠে আমরা কোনো জটিল সমস্যায় পড়ি, তবে আমাদের রণকৌশল কিছুটা বদলে ফেলার পথ খোলা রাখছি। প্রতিপক্ষ কেমন খেলছে, তার ওপর ভিত্তি করে আমরা ভিন্ন কিছু করতে প্রস্তুত।
মেসি প্রথমার্ধে না থাকলেও ডালাসের গ্যালারিতে আর্জেন্টাইন ঝড় থামার কোনো লক্ষণ নেই। এখন দেখার বিষয়, মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার ‘বেঞ্চের শক্তি’ জর্ডানের ডিফেন্সিভ দেয়াল ভেঙে কতটা রাজকীয়ভাবে গ্রুপ পর্ব শেষ করতে পারে!