আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান!

প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে ৭৫ মিনিট পর্যন্ত সমতায় লড়াই, আর দ্বিতীয় ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে লিড নিয়েও শেষ মুহূর্তের ট্র্যাজেডিতে ২-১ গোলের হার, ২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই লড়াকু ফুটবল খেলে বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে জর্ডান।

যদিও টানা দুই হারে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে মধ্যপ্রাচ্যের এই দেশটির। তবে আজ শনিবার আমেরিকার সান ফ্রান্সিসকোতে নিজেদের বিদায়ী ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বিন্দুমাত্র দমে যাননি জর্ডান কোচ জামাল সেলামি।

Argentina Team 03
বিশ্বসেরাদের বিপক্ষে মাঠে নামার আগে হুংকার দিয়ে সেলামি বলেছেন, আলজেরিয়াকে কাঁপিয়ে দেওয়া আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। শেষ ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিয়ে জর্ডানের ফুটবলের এক দুর্দান্ত ছাপ বিশ্বমঞ্চে রেখে যেতে চাই।

অন্যদিকে, আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। আর তাই জর্ডানের বিপক্ষে রোববার সকাল ৮টায় শুরুর একাদশে বড়সড় ওলট-পালট করার পরিকল্পনা করছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।

স্কালোনি ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে জানান, গ্রুপের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেয়া আমাদের মূল লক্ষ্য ছিল। তাই এবার আমরা সেই খেলোয়াড়দের সুযোগ দিতে চাই যারা এতদিনে খুব কম সময় মাঠে পেয়েছে। ওরাও এই জার্সির যোগ্য এবং আমাদের স্কোয়াডের সবাইকে ম্যাচের আমেজ দেওয়াটা অত্যন্ত জরুরি।

Argentina Team 01
আর্জেন্টাইন শিবিরে সবচেয়ে বড় কৌতুহল অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে। আসরের সর্বোচ্চ গোলদাতা মেসিকে স্কালোনি শুরুর একাদশে বিশ্রাম দিতে পারেন, তবে পুরো ম্যাচ মেসি বেঞ্চে বসে কাটাবেন, এমনটা ভাবা ভুল হবে। বিশেষ করে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে ১৯৫৮ সালের জাস্ট ফন্টেইন এবং ১৯৭০ সালের জার্জিনহোর পর বিশ্বকাপের ইতিহাসে টানা ৬ ম্যাচে গোল করার এক অনন্য রেকর্ড গড়েছেন এলএম টেন, যা আজ তিনি আরও বাড়িয়ে নিতে চাইবেন।

আর্জেন্টিনার গোলপোস্টের নিচে অবশ্য নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের থাকার সম্ভাবনাই বেশি। আঙুলের চোট কাটিয়ে ফেরা অ্যাস্টন ভিলার এই বাজপাখি ইতিমধ্যেই দেশের হয়ে ৩৫টি ক্লিন শিট রেখে সার্জিও রোমেরোর রেকর্ডের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। এছাড়া চোট কাটিয়ে বিশ্বকাপে আসা লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ নিজেদের ফিটনেস পুরোপুরি ফিরে পেতে আরেকটু বেশি সময় মাঠে কাটাতে পারেন।

ম্যাচে জর্ডান তাদের মূল ফরমেশন ঠিক রাখলেও মাঝমাঠে ভারসাম্য আনতে বেশ কিছু পরিবর্তন আনতে পারে। এশিয়ান কাপের রানার্সআপ জর্ডান এবার বাছাইপর্বে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩২টি গোল করেছিল। তাদের প্রধান তারকা ফরোয়ার্ড ইয়াজান আল-নাইমাত বাছাইপর্বে ১৪টি গোলে (৮ গোল, ৬ অ্যাসিস্ট) সরাসরি অবদান রেখে এশিয়ায় মেহেদি তারেমি ও আকরাম আফিফের পরই নিজের নাম লিখিয়েছিলেন। এছাড়া জর্ডানের মরক্কো বংশোদ্ভূত কোচ জামাল সেলামি বিশ্বকাপের ইতিহাসে প্রথম মরক্কান কোচ, যিনি নিজের দেশ বাদে অন্য কোনো দেশের ডাগআউটে দাঁড়িয়েছেন।

Jordan Team 01
অন্যদিকে, ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে সেই ঐতিহাসিক ধাক্কার পর থেকে আজ পর্যন্ত বিশ্বকাপে টানা ৯ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। নিজেদের শেষ ১০ ম্যাচে তারা প্রতিপক্ষের জালে ২৭টি গোল দিয়ে হজম করেছে মাত্র ১টি! এছাড়া আমেরিকার মাটিতে হওয়া বিগত ৮টি বিশ্বকাপের ৭টিই জিতেছে দক্ষিণ আমেরিকান দলগুলো।

ফুটবল পণ্ডিতদের প্রেডিকশন বলছে ম্যাচটি জর্ডান ০-৩ ব্যবধানে হারতে পারে। তবে বিশ্ব ফুটবলের সবচেয়ে হাই-প্রোফাইল ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আটকে দিয়ে জর্ডান যদি নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্টটি কেড়ে নিতে পারে, তবে তা হবে এই বিশ্বকাপের অন্যতম বড় অঘটন!