ফরাসি নয়, আফ্রিকান দলের বিপক্ষে খেলবে প্যারাগুয়ে: চিলাভার্ট

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে রাত ৩টায় ফিলাডেলফিয়ার মাঠে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও প্যারাগুয়ে। তবে, মাঠের সেই ফুটবলীয় লড়াই শুরুর আগেই মাঠের বাইরে এক চরম বর্ণবাদী ও বিতর্কিত মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে ফুটবল বিশ্ব।

এই আগুনে ঘি ঢেলেছেন প্যারাগুয়ের কিংবদন্তি ও সাবেক তারকা গোলরক্ষক হোসে লুইস চিলাভার্ট। সামাজিক মাধ্যমে ফ্রান্স দলকে সরাসরি আক্রমণ করে তিনি খোঁচা দিয়ে বলেছেন, এবার প্যারাগুয়ে কোনো ইউরোপীয় দেশের বিরুদ্ধে নয়, বরং লড়তে যাচ্ছে ‘আফ্রিকার একটি দলের’ বিপক্ষে!

এই বিতর্কের সূত্রপাত হয়েছিল ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সাবেক ফরোয়ার্ড ক্রিস্তফ দুগারির একটি মন্তব্যকে কেন্দ্র করে। দুগারি দাবি করেছিলেন, শেষ ষোলোর এই ম্যাচে ফ্রান্সের কাছে পাত্তাই পাবে না প্যারাগুয়ে এবং তারা খড়কুটোর মতো উড়ে যাবে।

Jose Luis Chilavert 02
দুগারির এই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে শেয়ার করে ৬০ বছর বয়সী চিলাভার্ট পাল্টা কামড় বসান। তিনি লেখেন, ক্রিস্তফ, তুমি ঠিকই বলেছ। ১৯৯৮ সালে আমরা ফরাসিদের মুখোমুখি হয়েছিলাম, কিন্তু এবার প্যারাগুয়ে মুখোমুখি হবে আফ্রিকার একটি স্কোয়াডের।

চিলাভার্টের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য মূলত ফরাসি ফুটবল দলে আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের আধিক্যকে লক্ষ্য করেই করা হয়েছে, যা ফুটবল মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ইতিহাস বলছে, ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে এই দুই দল যখন শেষ ষোলোর মঞ্চে মুখোমুখি হয়েছিল, তখন চিলাভার্ট ও দুগারি দুজনেই মাঠে ছিলেন। সেই ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ফ্রান্স এবং শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।

পুরনো সেই ক্ষোভ আর মাঠের বাইরের এই সস্তা কাদা ছোঁড়াছুঁড়ি ফিলাডেলফিয়ার ম্যাচটির উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রয়টার্সের পক্ষ থেকে এই বিষয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। মাঠের লড়াইয়ে লা ব্লুজরা বল পায়ে চিলাভার্টের এই আপত্তিকর কটূক্তির জবাব কীভাবে দেয়, এখন সেটাই দেখার বিষয়!