অপ্রতিরোধ্য ফ্রান্সের মুখোমুখি লাতিনের প্রাচীর প্যারাগুয়ে

বিশ্বকাপের তৃতীয় শিরোপা জয়ের মিশন নিয়ে রাত ৩টায় ফিলাডেলফিয়ার লিনকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে শেষ ১৬-র লড়াইয়ে মুখোমুখি হচ্ছে হট-ফেভারিট ফ্রান্স এবং অদম্য প্যারাগুয়ে। মাঠের বাইরের নানামুখী বিতর্কের পর এবার মাঠের লড়াইয়ে নামছে দুই দল। এবারের বিশ্বকাপে দিদিয়ের দেশঁ’র লা ব্লুজরা রয়েছে খুনে ফর্মে। এখন পর্যন্ত ৪ ম্যাচের সবকটিতে জিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ১২টি গোল করেছে তারা।

অন্যদিকে, শেষ ৩২-এর ম্যাচে পরাশক্তি জার্মানিকে টাইব্রেকারে স্তব্ধ করে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে আত্মবিশ্বাসে টগবগ করতে থাকা প্যারাগুয়ে।

France Team 02
গ্রুপ পর্বে সেনেগাল, ইরাক ও নরওয়েকে উড়িয়ে দেওয়ার পর শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে উত্তর আমেরিকায় নিজেদের দাপট বজায় রেখেছে ফরাসিরা। যথারীতি ফ্রান্সের আক্রমণের মূল নিউক্লিয়াস কিলিয়ান এমবাপে, যিনি ইতোমধ্যে ৪ ম্যাচে একাই ৬টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন। তাঁর সাথে উসমান ডেম্বেলে, ব্র্যাডলি বারকোলা এবং টুর্নামেন্টে ৫টি অ্যাসিস্ট করে পেলের এক বিশ্বকাপে সর্বোচ্চ ৬ অ্যাসিস্টের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় থাকা মাইকেল অলিসের উপস্থিতি ফরাসিদের আক্রমণভাগকে করেছে বিশ্বের সবচেয়ে ভয়ংকর।

Paraguay Team 02
রক্ষণে উইলিয়াম সালিবা ও দায়ো উপামেকানো দুর্গ সামলাবেন গোলরক্ষক মাইক মাইনিয়ঁ-র সামনে। মাঝমাঠে সুর বাঁধবেন অহেলিয়া চুয়ামেনি ও আদ্রিয়েন রাবিও।

বিপরীতে গুস্তাভো আলফারোর প্যারাগুয়ে দলটিকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। শেষ ২৩টি আন্তর্জাতিক ম্যাচের মাত্র ৫টিতে হারা প্যারাগুয়ে রক্ষণাত্মক ফুটবলে যে কোনো বড় দলকে আটকে দিতে ওস্তাদ। জার্মানির বিপক্ষে হুলিও এনসিসোর গোলের পর টাইব্রেকারে জয়সূচক পেনাল্টি নেওয়া হোসে ক্যানালে অধিনায়ক গুস্তাভো গোমেজের সাথে রক্ষণে প্রাচীর তুলবেন।

France Team 03
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঝমাঠে ফিরছেন দিয়েগো গোমেস। আর আক্রমণভাগে হুলিও এনসিসো ও মিগুয়েল আলমিরন মিলে বল জোগাবেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল আভালোসকে।

ইতিহাসের পাতায় চোখ বুলালে অবশ্য ফরাসিদের মুখে চওড়া হাসি ফুটবেই। পাঁচবারের দেখায় প্যারাগুয়ে কখনোই ফ্রান্সকে হারাতে পারেনি। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপেও এই শেষ ১৬-র মঞ্চেই লঁরা ব্লাঁ-র ঐতিহাসিক ‘গোল্ডেন গোল’-এ প্যারাগুয়েকে বিদায় করেছিল ফরাসিরা।

রাতে আবারও সেই ১৯৯৮-এর ট্র্যাজেডির পুনরাবৃত্তি নাকি জার্মানির পর ফ্রান্সকে বিদায় করে প্যারাগুয়ের নতুন কোনো রূপকথা তৈরি হবে, তা নিয়ে রোমাঞ্চের পারদ তুঙ্গে। আর্জেন্টাইন সাময়িকী ওলে’র হিসাবে, প্যারাগুয়ে দীর্ঘক্ষণ প্রতিরোধ গড়ে রাখলেও এমবাপের বাহিনীর আক্রমণের তীব্রতায় শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখবে ফ্রান্সই!