বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে সেই রুদ্ধশ্বাস ও ঐতিহাসিক জয়ের পর আর্জেন্টিনা এখন বিভোর কোয়ার্টার ফাইনালের স্বপ্নে। বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের, যারা টাইব্রেকারে কলম্বিয়াকে বিদায় করে শেষ আটে পা রেখেছে।
তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এক ক্রীড়া জ্যোতিষী! আর্জেন্টিনার বাজপাখি খ্যাত গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে নিয়ে এক রহস্যময় ও বিস্ফোরক ভবিষ্যৎবাণী এবং বিশেষ সতর্কতা জারি করেছেন তিনি।
মিশরের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ইয়াসের ইব্রাহিম এবং ম্যাচের ৬৭ মিনিটে মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে চরম বিপর্যয়ে ছিল আর্জেন্টিনা। এরপর শেষ ১৫ মিনিটে ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো, লিওনেল মেসি এবং ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের জাদুকরী গোলে এক অবিশ্বাস্য কামব্যাক করে লিওনেল স্কালোনির দল।
তবে ম্যাচ জিতলেও নিজের পারফরম্যান্স নিয়ে চরম অসন্তুষ্ট ছিলেন দিবু মার্টিনেজ। নিজের পারফরম্যান্সের কড়া সমালোচনা করে তিনি বলেন, আমার মনে হচ্ছিল আমি আজ কাউকে সাহায্য করতে পারছি না। জাতীয় দলের হয়ে এর আগে কখনো ম্যাচ শেষে এমন অসহায় অনুভূতি নিয়ে মাঠ ছাড়িনি। তবে আত্মবিশ্বাসী দিবু যোগ করেন, আমি বিশ্বাস করি, আমার সময় ঠিকই আসবে।
দিবু মার্টিনেজের সেই মোক্ষম সময়টি নাকি রোববার সকালে সুইজারল্যান্ডের বিপক্ষেই আসতে চলেছে! স্পোর্টস অ্যাস্ট্রোলজার গুইডো তেজাত তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে দাবি করেছেন, সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ভাগ্য আবারো নির্ধারণ করতে যাচ্ছেন এই গোলরক্ষকই।
প্রাচীন রোমান দার্শনিক সেনেকার উক্তি টেনে তিনি লিখেছেন, সেনেকা বলেছিলেন- আগুন যেভাবে সোনা পরীক্ষা করে, প্রতিকূলতা সেভাবে শক্তিশালী পুরুষদের পরীক্ষা নেয়। রোববারের ম্যাচ জিততে আর্জেন্টিনার শুধু ফুটবল খেলার চেয়েও বেশি কিছু লাগবে। গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, এটি একটি অত্যন্ত কঠিন ম্যাচ হতে যাচ্ছে।
তবে আর্জেন্টাইন সমর্থকদের আশ্বস্ত করে এই জ্যোতিষী দাবি করেন, এই ম্যাচটি ২০২২ সালের কাতার বিশ্বকাপের লুসাইল স্টেডিয়ামে খেলা নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই স্নায়ুক্ষয়ী কোয়ার্টার ফাইনালের মতো হতে যাচ্ছে, যেখানে টাইব্রেকারে ডাচদের বুক ভেঙে নায়ক হয়েছিলেন দিবু।
তিনি আরও যোগ করেন, পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা এই জীবন্ত কিংবদন্তি সুইজারল্যান্ডের বিরুদ্ধে আমাদের বাঁচাবে। ২০২২ সালের নেদারল্যান্ডস ম্যাচের মতো গ্রহের অবস্থান দেখা যাচ্ছে এবারও। ভক্তদের উদ্দেশে তাঁর আহ্বান, রোববার পর্যন্ত দিবুকে এভাবেই ভিজ্যুয়ালাইজ করুন, সে হাসছে, উদযাপন করছে এবং পুরো একটা জাতির স্বপ্ন নিজের কাঁধে বয়ে নিয়ে যাচ্ছে।
সবচেয়ে চমকপ্রদ ও ‘সসি’ বিষয়টি জ্যোতিষী গুইডো তেজাত রেখেছেন একদম শেষের জন্য। গ্রহ-নক্ষত্রের মারপ্যাঁচে দিবু মার্টিনেজের উদ্দেশ্যে সরাসরি একটি রহস্যময় সতর্কতা জারি করে তিনি লিখেছেন, শনিবারের ম্যাচে আপনাকে অবশ্যই সবুজ রঙের জার্সি পরে খেলতে হবে।
সাধারণত আর্জেন্টিনা গোলরক্ষকদের হালকা নীল, লাল বা অন্য রঙের জার্সি পরতে দেখা গেলেও জ্যোতিষীর এই ‘সবুজ টোটকা’ সোশ্যাল মিডিয়ায় আলবিসেলেস্তে সমর্থকদের মাঝে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, আগামী রোববার সকাল ৭টায় কানসাস সিটির মাঠে দিবু মার্টিনেজ জ্যোতিষীর পরামর্শ মেনে সবুজ জার্সি পরে নামেন কিনা, আর সেই ঐতিহাসিক ‘লুসাইল থ্রিলার’-এর পুনরাবৃত্তি ঘটিয়ে আর্জেন্টিনাকে সেমিফাইনালে নিয়ে যেতে পারেন কিনা!