ফ্রান্স-স্পেন লড়াইয়ের বাজার মূল্য তিন বিলিয়ন ডলার!

ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার রাতে যখন ফ্রান্স আর স্পেন মাঠের লড়াইয়ে নামবে, তখন সেটা কেবল ট্রফির দৌড়ে টিকে থাকার লড়াই থাকবে না; এটি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম সবচেয়ে দামি ও বিলাসবহুল এক মহাযুদ্ধ!

ট্রান্সফারমার্কেটের সাম্প্রতিক বাজারমূল্য অনুযায়ী, এই দুটি দলের ফুটবলারদের সম্মিলিত মূল্য আকাশ ছুঁয়েছে, যার পরিমাণ প্রায় ৩.২১ বিলিয়ন মার্কিন ডলার! টাকার অঙ্কে এই মহাজাগতিক লড়াইয়ে ফরাসি বিলিয়নেয়ার স্কোয়াড ১.৭৮ বিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে কিছুটা এগিয়ে থাকলেও, ১.৪৩ বিলিয়ন ডলারের স্প্যানিশ নবা’রা মাঠের পারফরম্যান্সে ফরাসিদের চাটনি বানাতে পুরোপুরি প্রস্তুত।

এই মেগা সেমিফাইনালের সবচেয়ে বড় আকর্ষণ হলো, চলতি বিশ্বকাপের সবচেয়ে দামি পাঁচজন ফুটবলারের মধ্যে চারজনই মঙ্গলবার রাতে একই সাথে মাঠ কাঁপাবেন। বাজারমূল্যের সিংহাসনে সবার ওপরে রাজত্ব করছেন স্পেনের ১৭ বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামাল, যাঁর বর্তমান বাজারমূল্য ২৩৪ মিলিয়ন ডলার!

Mbappe 03
তাঁর ঠিক পরেই দ্বিতীয় স্থানে আছেন ফরাসি অধিনায়ক তথা রিয়াল মাদ্রিদ মহাতারকা কিলিয়ান এমবাপে, যার দাম ২১১ মিলিয়ন ডলার। এছাড়া ফরাসি উইঙ্গার মাইকেল অলিসে এবং স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি, দুজনেরই বাজারমূল্য ১৭৬ মিলিয়ন ডলার করে।

এই তালিকায় থাকা শীর্ষ পাঁচের একমাত্র ফুটবলার হিসেবে এই ম্যাচে থাকছেন না নরওয়ের আরলিং হালান্ড (২৩৪ মিলিয়ন ডলার), যাঁর দল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে।

ফুটবল বিশ্বের সবচেয়ে দামি জাতীয় দল হিসেবে এই টুর্নামেন্টে বুক ফুলিয়ে খেলছে ফ্রান্স (১.৭৮ বিলিয়ন ডলার)। বিশ্ব তালিকায় ১.৫৯ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড ও ১.৪৩ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে থাকা স্পেনও সেমিফাইনালে লড়ছে। তবে অন্য সেমিফাইনালিস্ট ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই টাকার খেলায় বেশ পিছিয়ে; লিওনেল মেসির দলের বাজারমূল্য ‘মাত্র’ ৯৪৫ মিলিয়ন ডলার!

দুই দলের ড্রেসিংরুমে তাকালে মনে হবে যেন টাকার খনি! দুই স্কোয়াড মিলিয়ে এমন ৭ জন ফুটবলার আছেন যাদের প্রত্যেকের ব্যক্তিগত মূল্য ১১৭ মিলিয়ন ডলারের ওপরে। স্পেনের হয়ে এই এলিট ক্লাবে আছেন ইয়ামাল ও পেদ্রি। অন্যদিকে ফ্রান্সের ঘরে আছেন এমবাপ্পে, মাইকেল অলিসে, ডেজিরে দুয়ে (১৪০ মিলিয়ন ডলার), উইলিয়াম সালিবা (১১৭ মিলিয়ন ডলার) এবং উসমান দেম্বেলে (১১৭ মিলিয়ন ডলার)। সব মিলিয়ে দুই দলের ২২ জন খেলোয়াড়ের প্রত্যেকের দাম ৫৯ মিলিয়ন ডলারের গণ্ডি পার করেছে!

Lamine Yamal 01
মাঠের পজিশন ভিত্তিক শক্তির বিচারেও চলছে টাকার এই হাড্ডাহাড্ডি লড়াই। গোলপোস্টের নিচে স্পেনের তিন গোলরক্ষকের সম্মিলিত দাম ১১৩ মিলিয়ন ডলার, যা ফ্রান্সের গোলরক্ষকদের (৬৭ মিলিয়ন ডলার) চেয়ে অনেক বেশি। তবে রক্ষণভাগে ফরাসি প্রাচীরের দাম ৪৭৩ মিলিয়ন ডলার, যেখানে স্প্যানিশ ডিফেন্ডারদের মূল্য ৩৩৭ মিলিয়ন ডলার। মিডফিল্ডের লড়াইয়ে আবার স্পেনের নবাবরা অনেক ধনী; তাদের মিডফিল্ডের দাম ৪৯১ মিলিয়ন ডলারের বিপরীতে ফ্রান্সের মিডফিল্ডের মূল্য ৩৬৫ মিলিয়ন ডলার।

সবচেয়ে আকাশচুম্বী ব্যবধানটা গড়ে উঠেছে আক্রমণভাগে। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলেদের নিয়ে গড়া ফ্রান্সের ফরোয়ার্ড লাইনের বাজারমূল্য প্রায় ৮৭৮ মিলিয়ন ডলার! অন্যদিকে, ম্যাচের সবচেয়ে দামি খেলোয়াড় লামিনে ইয়ামাল দলে থাকা সত্ত্বেও স্পেনের আক্রমণভাগের সম্মিলিত মূল্য ৪৮৯ মিলিয়ন ডলার। মঙ্গলবার রাতের মিউনিখে টাকার এই বিপুল গরমে কার ফুটবলীয় অহংকার ধুলোয় মিশে যায়, আর ৩ বিলিয়ন ডলারের এই মহাযুদ্ধ জিতে কোন দল ফাইনালের টিকিট কাটে, তা দেখার জন্য উত্তেজনায় কাঁপছে পুরো ফুটবল বিশ্ব!