তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি ম্যাচের শেষে লিওনেল মেসিকে নিয়ে তিনি এমন এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন, যা ফাইনালের আগে স্প্যানিশ ভক্তদের মনে রীতিমতো আগুন জ্বালিয়ে দেবে!
ম্যাচের প্রথমার্ধে ফ্রান্সের ৪-০ গোলে পিছিয়ে পড়া নিয়ে এমবাপ্পে কোনো রাখঢাক না রেখেই বলেন, ম্যাচে আমরা সম্পূর্ণ ভিন্ন দুটি হাফ (অর্ধ) দেখেছি। প্রথম হাফ নিয়ে মানুষ যদি বলে ওটা একটা তামাশা ছিল কিংবা আমরা ফরাসি জার্সির সম্মান রাখিনি, তবে আমি তাদের ভুল বলব না। আমার মনে হয় আমরা বড্ড বেশি ‘মানুষ’ হয়ে পড়েছিলাম, আর প্রতিপক্ষ আমাদের শুধু স্তব্ধ করে দিয়ে আমাদের ঘুম ভাঙিয়েছে। তবে দ্বিতীয়ার্ধে আমরা আবারও বিশ্বমানের খেলোয়াড় হিসেবে ফিরে এসেছিলাম; এক একটা মানসিক যন্ত্র, যারা সব আবেগকে একপাশে ঠেলে দিয়েছিল।
দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া গোলে ফ্রান্স দুর্দান্ত লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। এই হারের জন্য নিজের চেয়েও কোচ দিদিয়ে দেশমের জন্য বেশি আফসোস হচ্ছে এমবাপের। তিনি বলেন, আমরা কোচের জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলাম। কিন্তু প্রথমার্ধের খেলা দেখে মনে হতেই পারে আমরা তাঁকে ডুবিয়েছি। তবে আমরা এমনটা চেয়ে ফিল করতে চাইনি। এটাই ফুটবল। আমরা কোচকে তাঁর সব অবদানের জন্য ধন্যবাদ জানাই। এই একটা ম্যাচ দিদিয়ে দেশমের কিংবদন্তি ইমেজকে বিন্দুমাত্র কালিমালিপ্ত করতে পারবে না।
বিশ্বকাপের ইতিহাসে ২২ গোল নিয়ে লিওনেল মেসিকে টপকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন দখল করেছেন এমবাপে। কিন্তু এই রেকর্ড উদযাপনের চেয়েও এমবাপ্পের মন পড়ে আছে রোববারের ফাইনালে। আর ঠিক এই জায়গাতেই স্প্যানিশ ভক্তদের খোঁচা দিয়ে এক চরম ভবিষ্যৎবাণী করেছেন ফরাসি যুবরাজ।
মেসির রেকর্ড ভাঙা প্রসঙ্গে এমবাপ্পে স্পষ্ট ভাষায় বলেন, ফাইনালে মেসি গোল করবেই, এটা একদম নিশ্চিত। স্পেনের বিশ্বস্ত রক্ষণভাগকে বুড়ো আঙুল দেখিয়ে মেসির গোল করার এই আগাম গ্যারান্টি স্প্যানিশ সমর্থকদের হজম করা বেশ কঠিনই হবে! নিজের রেকর্ড নিয়ে এমবাপে আরও যোগ করেন, বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা হওয়ার চেয়ে আগামীকালকের ফাইনাল ম্যাচটা খেলতে পারা আমার কাছে অনেক বেশি আনন্দের হতো। এই রেকর্ড আমার ফুটবলীয় ঐতিহ্যের জন্য দারুণ, কিন্তু সত্যি বলতে, আজ এই মুহূর্তে এটা আমার মাথায় সবার ওপরে নেই।
এমবাপে তো নিজের মনের কথা বলেই খালাস, কিন্তু রোববারের মহাযুদ্ধের আগে তাঁর এই ‘মেসি গোল করবেই’ মন্তব্যটি স্পেনের শিবিরে কতটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে, সেটাই এখন দেখার বিষয়!